প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পৃথক আইনের দাবি

প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে পৃথক আইন করার দাবি করেছেন।
একের পর এক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আগের শুক্রবার অধ্যাপক জাফর ইকবাল শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। তখন সেখানে উপস্থিত শিক্ষার্থীরা গতকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা শহীদ মিনারে আসেন। তাঁরা প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করে নতুন করে আন্দোলনের ডাক দেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন অধ্যাপক জাফর ইকবাল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের অনেকে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রমাণ উপস্থাপন করলেও তা মানতে নারাজ শিক্ষামন্ত্রী ও কর্তৃপক্ষ। আমাদের একটা দাবি হচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সুনির্দিষ্ট আইন করতে হবে।’
সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে অংশ নিয়ে ‘প্রশ্নপত্র ফাঁস মানে স্বপ্নের মৃত্যু’, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আইন চাই’, ‘প্রশ্নপত্র ফাঁস মানি না, মানব না’ প্রভৃতি লেখা পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, শিগগিরই প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে জমা দেওয়া হবে। তখন কী পদক্ষেপ নেওয়া হয়, তা দেখে পরবর্তী কর্মসূচি ডাকবেন।