প্রশ্নপত্র ফাঁসের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার এফ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গতকাল শনিবার দুপুরে তদন্ত কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়েয়র উপাচার্য হারুন অর রশীদ আসকারী প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। সোমবার সিন্ডিকেট সভায় যাচাই–বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে যত শক্ত হওয়া দরকার তার চেয়ে বেশি শক্ত সিদ্ধান্ত নেওয়া হবে। হয় আমি থাকব, নয় দুর্নীতি থাকবে।’
গত বছরের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত এফ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গণিত বিভাগের শিক্ষক এস এম মোস্তফা কামালকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তদন্ত কমিটির আহ্বায়ক এস এম মোস্তফা কামাল বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটা সত্য।’
নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য বলেন, প্রশ্নপত্র ফাঁসের যাবতীয় তথ্যপ্রমাণ হাতে আছে। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ আশপাশের এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিলেছে।
কমিটির ওই সদস্য বলেন, ওই ব্যক্তিদের একটা চক্র আছে। চক্রটি আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। তারা খুবই প্রভাবশালী এবং মোটা অঙ্কের টাকার লেনদেন করে। চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হবে না। জাতির কাছে এই চক্রের মুখোশ উন্মোচন করা প্রয়োজন।