এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, সাজেশন থেকে প্রশ্ন কমন পড়ার বিষয়টিকে অনেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে গুজব ছড়ায়।
জাতীয় সংসদে গতকাল রোববার প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কিছু কোচিং সেন্টার, কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া সাজেশন থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পড়ে থাকে। বিষয়টিকে অনেকে প্রশ্নপত্র ফাঁস বলে গুজব ছড়ায়। তার পরও জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় দৃঢ় অবস্থান নিয়ে থাকে। মন্ত্রণালয় থেকে সতর্কতামূলক ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একই দলের আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে এক হাজার ৫১৯টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪টি করে মাদ্রাসা আছে ময়মনসিংহ ও কুমিল্লায়।
এ ছাড়া নওগাঁয় ৫৪, টাঙ্গাইলে ৫২ ও কক্সবাজারে ৫০টি মাদ্রাসা রয়েছে। সবচেয়ে কম চারটি মাদ্রাসা রয়েছে মানিকগঞ্জে।
আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার সম্পূরক প্রশ্নে বলেন, মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। মাদ্রাসায় ঢুকলেই আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধবিরোধী শিক্ষা দেওয়া হয়।