শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাসহ নানা প্রচেষ্টার ফলে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা দূর হয়েছে। এখন আর প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই।
গতকাল সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় তদারক কমিটির সভায় তিনি এসব কথা বলেন। ২ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
সভায় শিক্ষামন্ত্রী বলেন, কখনো কখনো একটি চক্র প্রশ্নপত্র ফাঁস বা ব্যবসা করার জন্য ‘দুই নম্বরি’ করত। এই প্রবণতা বন্ধে বিভিন্ন উদ্যোগ নেয় সরকার। বিশেষ করে প্রশ্নপত্র ছাপার সময় বিজি প্রেসে নজরদারি জোরদার করা হয়েছে। শুধু প্রশ্নপত্র ছাপার জন্য বিজি প্রেসের পুরো ব্যবস্থার পরিবর্তন করা হয়েছে। সেখানে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ বন্ধ করা হয়েছে। একমাত্র সুযোগ ছিল পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন দেওয়ার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময়। ওই সময় কেউ কেউ ‘দুই নম্বরি’ করেছে। তবে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তিও দেওয়া হয়েছে।