প্রশ্নপত্র ফাঁসের 'বিভ্রান্তি' সৃষ্টির জন্যও ব্যবস্থা

পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ‘বিভ্রান্তি’ সৃষ্টির জন্যও ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে। এ জন্য আইন সংশোধন করছে সরকার।
আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সভার এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতও কাজ করবে। পাবলিক পরীক্ষায় ৩২ সেট প্রশ্ন তৈরি করা হবে। তাই প্রশ্ন যদি ফাঁসও হয়, তার পরও শিক্ষার্থীদের বইয়ের সবকিছু পড়তে হবে। বর্তমানে পাবলিক পরীক্ষার জন্য চার সেট প্রশ্নপত্র তৈরি করা হয়। কিন্তু ছাপা হয় দুই সেট।
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি বেশিসংখ্যক প্রশ্নপত্রের সেট করে সেখান থেকে পরীক্ষার দিন সকালে লটারির মাধ্যমে কোন সেটে পরীক্ষা হবে তা নির্ধারণের সুপারিশ করেছিল।