প্রশ্নপত্র বিক্রির অভিযোগে দুজনের কারাদণ্ড
সাতক্ষীরায় প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র কেনা-বেচার অভিযোগে আজ শুক্রবার পাঁচজন পরীক্ষার্থীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
তাঁদের মধ্যে দুজনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের নারকেলতলা এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের কাছ থেকে চারটি প্রশ্নপত্র উদ্ধার করা হয়।
গত বছরের ৮ নভেম্বর সারা দেশে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে সাতক্ষীরাসহ ১৭টি জেলায় পরীক্ষা বাতিল করা হয়। ওই ১৭টি জেলায় আজ বেলা আড়াইটা থেকে পরীক্ষা চলছে।
কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের নিশিকান্ত জোয়ার্দার (৩২) ও একই উপজেলার কলবাড়ি গ্রামের বিশ্বনাথ মণ্ডল (৩২)।
আটক হওয়া পাঁচ শিক্ষার্থীকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থানা হাজতে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা হলেন শ্যামনগর উপজেলার কলবাড়ি এলাকার রাধারানী মৃধা (২৬), তাঁর বোন মনোমহনী মৃধা, পোড়াকাটলা গ্রামের সঞ্জীব ঘরামী (২৫), মুন্সিগঞ্জ উপজেলার আবু সাঈদ মল্লিক (২৮) ও পরনন্দকাটি গ্রামের আবদুল্লাহ-আল-মামুন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) কুমকুম নাজমুন নাহার বলেন, ‘গোপন সূত্রে আমরা জানতে পারি, নারকেলতালা এলাকায় তপন দত্তের বাড়িতে প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের নামে একটি চক্র টাকা আদায় করছে। এ সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক ও চারটি প্রশ্নপত্র উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মোহাম্মাদ রেজাউল করিমের আদালতে হাজির করা হলে প্রশ্নপত্র সরবরাহকারী নিশিকান্ত জোয়ার্দার ও বিশ্বনাথ মণ্ডলকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন তিনি।
পাঁচ পরীক্ষার্থীকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সাতক্ষীরা সদর থানা হাজতে আটকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
নাজমুন নাহার বলেন, আজকের প্রশ্নপত্রের সঙ্গে উদ্ধারকৃত প্রশ্নপত্রের মিল রয়েছে কি না, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।
পরীক্ষার্থী রাধা রানী মৃধা জানান, নিশিকান্ত মণ্ডল তাঁদের পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন। পরীক্ষায় দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে এ প্রশ্ন মিলে গেলে প্রত্যেক পরীক্ষার্থীর তাঁকে এক লাখ টাকা করে দেওয়ার চুক্তি ছিল।