সাতক্ষীরায় প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বেচাকেনার অভিযোগে গতকাল শুক্রবার পাঁচজন পরীক্ষার্থীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে দুজনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড পাওয়া দুজন হলেন শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী গ্রামের নিশিকান্ত জোয়ার্দ্দার ও একই উপজেলার কলবাড়ি গ্রামের বিশ্বনাথ মণ্ডল (৩২)।
সদর থানার এসআই কুমকুম নাজমুন নাহার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা শহরের নারকেলতলা এলাকায় তপন দত্তের বাড়িতে অভিযান চালিয়ে চারটি প্রশ্নপত্র জব্দ ও সাতজনকে আটক করেন। পরে পুলিশ তাঁদের নির্বাহী হাকিম খোন্দকার মোহাম্মাদ রেজাউল করিমের আদালতে হাজির করেন। আদালত প্রশ্নপত্র সরবরাহকারী নিশিকান্ত জোয়ার্দ্দার ও বিশ্বনাথ মণ্ডলকে দুই বছর করে কারাদণ্ড দেন। অপর পাঁচজনকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত থানাহাজতে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।