প্রশ্নপত্র ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ উপকেন্দ্রে গতকাল রোববার এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র সংকট হয়। এ কারণে একটি প্রশ্নপত্রে দুজন ভাগাভাগি করে পরীক্ষা দিয়েছে। প্রায় দেড় ঘণ্টা এ অবস্থা চলার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশ্নপত্র ফটোকপি করে বিলি করা হয়। ওই কেন্দ্রের ১৫৮ জন পরীক্ষার্থী এ দুর্ভোগের শিকার হয়।জানা যায়, গতকাল উপজেলা সদরের নারীশিক্ষা একাডেমি উপকেন্দ্রে ১৭৩ জন পরীক্ষার্থী ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেয়। তারা সবাই বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে বিভিন্ন কক্ষে ৭৯টি প্রশ্নপত্রের সংকট দেখা দেয়। এ সময় এক প্রশ্নপত্রে দুজন করে পরীক্ষা দেয়। পরে উপকেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জানান। উপজেলা প্রশাসনের উদ্যোগে দুপুর পৌনে ১২টার দিকে ফটোকপি করে প্রশ্নপত্র নিয়ে আসার পর সেগুলো বঞ্চিতদের মধ্যে বণ্টন করা হয়।উপকেন্দ্রের হল সুপার ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে তিনি মূল কেন্দ্র থেকে নতুন ও পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রের দুটি প্যাকেট নিয়ে আসেন। পরে পরীক্ষা কক্ষে বিতরণকালে প্রশ্নপত্র-সংকটের বিষয়টি ধরা পড়ে।এ ব্যাপারে পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাওসার হোসেনের মুঠোফোনে একাধিকভার যোগাযোগ করেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল মোমিন খান প্রথম আলোকে বলেন, বোর্ড থেকে চাহিদামাফিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি। এ ছাড়া বিদ্যুৎ না থাকায় দ্রুত ফটোকপিও করা যায়নি।