প্রশ্নপত্রে বঙ্গবন্ধু হত্যার সাল ভুল করা অমার্জনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাল ভুলভাবে উপস্থাপনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকেরা। তাঁরা গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ঘটনাটিকে স্বেচ্ছাকৃত ও অমার্জনীয় বলে উল্লেখ করেন।
গত সোমবার ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের প্রশ্নপত্রে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ১৫ আগস্ট ২০১৬ সালে সংঘটিত হয় বলে উল্লেখ রয়েছে। অনুষদের পক্ষ থেকে বিষয়টিকে মুদ্রণজনিত ত্রুটি হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়।
মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচিব রবিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাল ১৯৭৫-এর পরিবর্তে ২০১৬ মুদ্রিত হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ মর্মাহত ও ক্ষুব্ধ। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করে এ ধরনের ত্রুটি স্বেচ্ছাকৃত ও অমার্জনীয়।
পৃথক বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন মিশ্র এ ধরনের তথ্য পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর সতর্কতা অবলম্বন ও যত্নবান হওয়ার আহ্বান জানান।