প্রশ্নপত্রে বঙ্গবন্ধু হত্যার সাল ভুলের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাল ভুলভাবে উপস্থাপন করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকেরা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে ‘স্বেচ্ছাকৃত ও অমার্জনীয়’ বলে উল্লেখ করেছেন তাঁরা।

গতকাল সোমবার ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘বি’ ইউনিটের (আইন অনুষদ) বিজোড় রোল নম্বরধারীদের পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর মৃত্যুর সাল ভুলভাবে ‘১৫ আগস্ট ২০১৬’ উল্লেখ করা হয়। অনুষদের পক্ষ থেকে বিষয়টিকে মুদ্রণজনিত ত্রুটি হিসেবে উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হলেও তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক এম জুলফিকার আলী এক বিবৃতিতে বলেছেন, ‘ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সাল ১৯৭৫–এর পরিবর্তে ২০১৬ মুদ্রিত হওয়ায় প্রগতিশীল শিক্ষক সমাজ মর্মাহত, ক্ষুব্ধ এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। প্রগতিশীল শিক্ষক সমাজ মনে করে, এ ধরনের ত্রুটি স্বেচ্ছাকৃত ও অমার্জনীয়।’

পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র এ ধরনের তথ্য পরিবেশনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিকতর সতর্কতা ও যত্নবান হওয়ার আহ্বান জানান।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা এ ঘটনায় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘উপাচার্যের সঙ্গে দেখা করে আমরা দ্রুত তদন্ত কমিটি গঠন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’