প্রশ্নপত্রে বঙ্গবন্ধুর নাম বিকৃত করার অভিযোগে মামলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করে প্রশ্নপত্র ছাপানোর অভিযোগে চট্টগ্রামে এক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর নাম মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর। তিনি বর্তমানে পটিয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।
গতকাল রোববার আনোয়ারার হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. মোয়াজ্জম বাদী হয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কুদরত-এ এলাহীর আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আসামিকে হাজির হতে সমন জারি করেন।
বাদীর আইনজীবী রবি শংকর চৌধুরী প্রথম আলোকে বলেন, মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, গত বছরের আনোয়ারায় ডিসম্বরে তৃতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের পরীক্ষায় একটি প্রশ্নে বঙ্গবন্ধুর নাম বিকৃত করা হয়েছে। এ কারণে পরীক্ষা পরিচালনা ও সমন্বয় কমিটি সভাপতির দায়িত্বে থাকা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সময় তিনি আনোয়ারা উপজেলায় কর্মরত ছিলেন।
জানতে চাইলে শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘ছাপার ভুলে এমনটি হয়েছে। পরীক্ষার দিন বিষয়টি দৃষ্টিগোচর হলে মুঠোফোনে সব বিদ্যালয়কে বলে ঠিক করে দেওয়া হয়। একই সঙ্গে নতুন প্রশ্নপত্র ছাপানো হয়। ইচ্ছে করে কেউ এ ভুল করেনি।’