প্রশ্নপত্রে ভুল: কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি। ছবি: প্রথম আলো
প্রতীকী ছবি। ছবি: প্রথম আলো

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ইংরেজি ভার্সনে অসংখ্য ভুলের জন্য দায়ী কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁর নাম আবদুল মান্নান। তিনি গাইবান্ধার সাদুল্লাপুরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নগুলো করে থাকে ময়মনসিংহে অবস্থিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। সেখানে নির্ধারিত প্যানেলের মাধ্যম প্রশ্নপত্রগুলো প্রণয়ন করা হয়। গত মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে ব্যাপক ভুল ছিল। সেখানে বাক্য গঠন থেকে শুরু করে শব্দেও অনেক ভুল ছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সিলেট ও নারায়ণগঞ্জ অঞ্চলের প্রশ্নপত্রে ঘটনাটি ঘটে। এই অংশের অনুবাদের দায়িত্বে ছিলেন আবদুল মান্নান।

এত দিন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। প্রশ্নফাঁসের সঙ্গে ভুলভ্রান্তি যোগ হয়েছে।

গত মঙ্গলবার অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার প্রথম প্রশ্নটি বাংলায় ছিল ‘মুজিবনগর সরকার গঠিত না হলে নিচের কোন সমস্যাটি হতো।’ ইংরেজি ভার্সনে এর অনুবাদ করে প্রশ্ন করা হয়েছে, ‘What would happen if no the Mujibnagar govt. was formed’। একটি প্রশ্নে মুক্তিযুদ্ধের ইংরেজি করা হয়েছে ‘ফ্রিডম ফাইট’। আরও বেশ কিছু বাক্য ও শব্দে ভুল ছিল।