ফরিদপুর সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্রের জন্য ৪৪ হাজার শিক্ষার্থীর কাছ থেকে এক টাকা করে বেশি নেওয়া হয়েছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নামে প্রতি বিদ্যালয় থেকে ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়েছে। ওই টাকা পরিশোধ করার পরই প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন শিক্ষকেরা।
গত বৃহস্পতিবার থেকে সদর উপজেলার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশত কিন্ডারগার্টেনে প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে ৪৪ হাজার শিক্ষার্থী। গত ৩০ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জাজরীন নাহার স্বাক্ষরিত পরিপত্র অনুযায়ী সাময়িক পরীক্ষাসহ সব পরীক্ষার জন্য প্রশ্নপত্র বাবদ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে তিন টাকা করে নেওয়ার কথা।
বেশ কয়েকজন প্রধান শিক্ষক প্রথম আলোকে জানান, গত ১৩ মার্চ প্রাথমিক শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় ফরিদপুর সদরের উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রশ্নপত্র বাবদ চার টাকা করে জমা দেওয়ার নির্দেশ দেন। কয়েকজন শিক্ষক ওই নির্দেশের বিরোধিতা করলেও সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্প্লাদক আশরাফুল আলম চার টাকা করে দেওয়ার অঙ্গীকার করেন। গত বুধবার শিক্ষকেরা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পরীক্ষা কমিটির সদস্যসচিব উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করতে গেলে চার টাকা করে রাখা হয়। এ জন্য রসিদও দেওয়া হয়নি।
প্রশ্নপত্র সংগ্রহ করতে গেলে সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম সমিতির চলতি বছরের চাঁদা বাবদ প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে ১০০ টাকা করে নিয়েছেন। ওই চাঁদা ও অতিরিক্ত টাকা পরিশোধের পরই শিক্ষকেরা প্রশ্নপত্র সংগ্রহ করতে পারেন।
সমিতি বাবদ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন আশরাফুল আলম। রফিকুল ইসলাম বলেন, ‘আমরা তিন টাকা হারেই টাকা নিয়েছি।’ রসিদ না দেওয়া প্রসঙ্গে বলেন, তাৎক্ষণিকভাবে প্রস্তুত না থাকায় রসিদ দেওয়া যায়নি। পরে প্রত্যেককে রসিদ দেওয়া হবে।
সিরাজুল ইসলাম বলেন, ১৩ মার্চের শিক্ষক সমন্বয় সভায় প্রশ্নপত্র বাবদ চার টাকা করে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল কিন্তু সে প্রস্তাব কার্যকর হয়নি। জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘পরিপত্রের বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার সুযোগ নেই। বেশি টাকা নেওয়া-সংক্রান্ত এ-জাতীয় কিছু কিছু অভিযোগ আমিও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখব।’