সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্রের সেট নম্বর নিয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে। অনেকে বলছেন, সংশ্লিষ্ট পরিদর্শকের ভুল নির্দেশনার কারণে তাঁরা উত্তরপত্রে ভুল সেট নম্বর লিখেছেন। ফলে নম্বর পাওয়া নিয়ে তাঁরা শঙ্কায় আছেন। গতকাল শুক্রবার সারা দেশে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা জানান, এবার প্রশ্নপত্রে মোট তিনটি সেট নম্বর দেওয়া ছিল, ‘খ-১’, ‘খ-২’ ও ‘খ-৩’। এর মধ্যে কেউ ১, কেউ ২ বা ৩ পেয়েছেন (সব সেটেই একই প্রশ্ন ছিল, শুধু প্রশ্নের ক্রম ছিল ওলটপালট)। অন্যদিকে উত্তরপত্রের ওএমআর ফরমে সেট নম্বরের জায়গায় ছিল ক, খ ও গ। এতে পরীক্ষার্থীরা কিছুটা বিভ্রান্তিতে পড়েন। কোনো কোনো এলাকায় পরিদর্শকেরা বলেছেন উত্তরপত্রে সেট নম্বর ‘খ’ দাগাতে। আবার কেউ কেউ বলেছেন খ-এর বৃত্তটি ভরাট করে পাশে নম্বর (১/২/৩) লিখে দিতে। পরীক্ষার্থীরা তা-ই করেছেন। কিন্তু পরে আবার জানানো হয়, প্রশ্নপত্রে উল্লিখিত খ-১ হচ্ছে ‘ক’ সেট, খ-২ হচ্ছে খ সেট এবং খ-৩ হলো ‘গ’ সেট। এতে কেউ কেউ আবার নতুন করে বৃত্ত ভরাট করেছেন। অর্থাৎ অনেকে দুটি বৃত্তও ভরাট করেছেন।ঢাকার শেরেবাংলা নগর বালিকা উচ্চবিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, খুলনার সুন্দরবন কলেজ, কুমিল্লার মডার্ন হাইস্কুল কেন্দ্রসহ দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীরা ওই সমস্যার সম্মুখীন হয়েছেন বলে খবর পাওয়া গেছে।এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। ওএমআরে সঠিকভাবেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে।