প্রশ্নপদ্ধতির ভিন্নতার কারণে শিক্ষার্থীরা কোচিংয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, তাঁদের কোচিংমুখো হওয়ার কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপদ্ধতি। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি করেন।

লিখিত বক্তব্যে সরকারি কবি নজরুল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মো. সালমান খান বলেন, ‘এটা খুব ইতিবাচক যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রছাত্রীদের কোচিংনির্ভরতা বন্ধ করতে চায়। কিন্তু এটা কি কেউ ভেবেছেন যে, কেন ছাত্রছাত্রীরা কোচিংমুখো হন? আমরা মনে করি, এর জন্য দায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপদ্ধতি।’

এই শিক্ষার্থী বলেন, তাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন এক সিলেবাসে আর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেন অন্য সিলেবাসে। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি উচ্চমাধ্যমিকের সিলেবাসে করা হয় তবে শিক্ষার্থীরা কোচিংনির্ভর হবেন না। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্নের ধরন নিয়ে ‘পুনরায়’ ভেবে দেখার অনুরোধ করেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাছাই-প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলে দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী ন্যূনতম নম্বর পেতে ব্যর্থ হওয়ায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন।

গতকাল সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবির পক্ষে শিক্ষার্থীদের স্বাক্ষর ও শিক্ষক-বুদ্ধিজীবীদের মতামত গ্রহণ কর্মসূচির উদ্বোধন করা হবে। ২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এ স্বাক্ষর ও মতামত গ্রহণ কর্মসূচি চলবে। ৩ নভেম্বর একই স্থান থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফা ভর্তি পরীক্ষা বন্ধের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব যুক্তি দিয়েছে, তার বিপক্ষে শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মতো একাধিক সেশনে ছাত্রছাত্রী ভর্তি করতে পারার পদ্ধতি চালু করার আগ পর্যন্ত দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ থাকা উচিত।