প্রশ্নবিদ্ধ কাউকে মনোনয়ন নয় - সাংসদদের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নিয়েই আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে দলীয় সাংসদদের দূরত্ব মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। জনবিচ্ছিন্ন ও প্রশ্নবিদ্ধ কাউকে মনোনয়ন না দেওয়ার কথাও বলেন তিনি।
আজ মঙ্গলবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের রুদ্ধদ্বার বৈঠকে প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের এমন সতর্কবার্তা দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে স্বতঃস্ফূর্ততার অভাব ছিল। মেয়র পদপ্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে না নেমে কাউন্সিলরদের নিয়েই তাঁদের ব্যস্ততা ছিল বেশি। যেসব মন্ত্রী-এমপি নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন না বা দূরত্ব সৃষ্টি করে চলেন, আগামী নির্বাচন তাঁদের জন্য একটি সতর্কবার্তা।
সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সাংসদেরা আগামী নির্বাচনেও যে মনোনয়ন পাবেন, তা ভাবলে ভুল করবেন। সবার কর্মকাণ্ডের ফিরিস্তি আমার হাতে আছে। এলাকায় যোগাযোগ, জনসংযোগ বাড়ান। সরকারের উন্নয়ন ও সফলতা জনগণের সামনে তুলে ধরুন। পাশাপাশি বিএনপি-জামায়াত জোটের দুর্নীতি, সন্ত্রাস ও অপকর্মগুলো প্রচার করুন। তৃণমূল নেতাদের সঙ্গে আমার বৈঠক চলছে। শিগগিরই উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও বৈঠক করব।’

বৈঠকে সৈয়দ আশরাফ বলেন, ‘স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়ে হতাশার কিছু নেই। সাড়ে চার বছরে আমরা দেশের যে উন্নয়ন করেছি, জনগণ অবশ্যই আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করবে।’ সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। দলের বিজয় নিশ্চিত হবে।’

টিআইবির প্রতিবেদনের সমালোচনা প্রধানমন্ত্রীর

বৈঠকের শুরুতেই সরকারের শেষ সময়ে ‘রাজনৈতিক দলগুলো দুর্নীতির সঙ্গে যুক্ত’ বলে টিআইবি যে প্রতিবেদন প্রকাশ করেছে, তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই সময়ে এসে এটা বলা উদ্দেশ্যমূলক। দেশের উন্নয়নসহ যেকোনো সিদ্ধান্ত ‘রাজনৈতিকভাবে’ হয়—উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক সিদ্ধান্তে স্বাধীনতা এসেছে।

রাজনৈতিক দলকে হেয় করে কারা ক্ষমতায় আসে? এই প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আসসালামুআলাইকুম। আজ থেকে আমি ক্ষমতায়। এই কথা বলে ক্ষমতা দখল করা হয়। ইয়াহিয়া থেকে শুরু করে জিয়া আর এরশাদ সবাই এভাবেই ক্ষমতায় এসেছে।’

জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল এবং এইচ এম এরশাদের জাতীয় পার্টি গঠনের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রাজনীতিবিদদের গালি দিয়ে তারা নিজেরাই রাজনীতি শুরু করে দেয়।’ তিনি বলেন, ‘দোষ-গুণ সকলের আছে। আমরা অন্যায়কে প্রশ্রয় দেই না। অন্যায় দেখলে ব্যবস্থা  নিই।’

অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠানের কথা আবারও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগামী দিনে যেন আর নির্বাচন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না হয়। সুষ্ঠু ধারায় যেন নির্বাচন হয়। সংবিধানের ধারাবাহিকতায় ভোট হবে। জনগণ যাকে ভোট দেবে সে দেশ চালাবে।’