প্রশ্নবিদ্ধ প্রক্রিয়াতেই খাদ্যে নিয়োগ শুরু
প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে ১০টি ক্যাটাগরির সহস্রাধিক পদে নিয়োগের যে প্রক্রিয়ার বৈধতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে, সেই প্রক্রিয়াতেই নিয়োগ দেওয়া শুরু করেছে খাদ্য অধিদপ্তর। গত শনিবার গভীর রাতে নিয়োগের তালিকা চূড়ান্ত করা হয়। পরদিন আটটি ক্যাটাগরির প্রার্থীদের কাছে নিয়োগপত্র পাঠানো হয়।
জানতে চাইলে নিয়োগ কমিটির আহ্বায়ক ও খাদ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ইলাহী দাদ খান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রক্রিয়াকরণ করে উত্তীর্ণ প্রার্থীদের কাছে নিয়োগপত্র পাঠানো হয়েছে।
অন্য দুটি ক্যাটাগরির পদ তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করায় ওই পদভুক্ত প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়নি। কারণ দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষমতা অধিদপ্তরের নেই। এই ক্ষমতা সরকারি কর্মকমিশনের (পিএসসি)।
তবে ওই দুটি পদেও যাতে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায়ই নিয়োগ প্রদান সম্পন্ন করা যায়, সেজন্য ওই পদ দুটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে জারি করা সরকারি আদেশের কার্যকারিতা অন্তত এই নিয়োগের ক্ষেত্রে রহিত করার জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি লেখা হয়েছে।
অবশ্য সরকারি ওই আদেশ ইতিমধ্যে গেজেট আকারে প্রকাশিত হওয়ায় তা রহিত হওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়।
যে আটটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে—উপ খাদ্য পরিদর্শক, সহকারী খাদ্য পরিদর্শক, হিসাবরক্ষক, ডাটা এন্ট্রি অপারেটর, উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী, নিরীক্ষক ও সহকারী অপারেটর। আর যে দুটি পদ দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে তা হলো খাদ্য পরিদর্শক ও সাইলো তত্ত্বাবধায়ক।
ওই পদগুলোতে নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছিল ২০১১ সালের ডিসেম্বরে। সর্বশেষ দুটি পদের লিখিত পরীক্ষা হয় ২০১২ সালের ২৫ মে। লিখিত পরীক্ষার ফল অল্পদিনের মধ্যেই চূড়ান্ত করা হলেও মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়।
এরপর মোটা অঙ্কের ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য নিয়োগপ্রক্রিয়ার একপর্যায়ে মৌখিক পরীক্ষার পূর্বনির্ধারিত নম্বর ২০ পরিবর্তন করে ৩০ করা হয় বলে অভিযোগ আছে। মৌখিক পরীক্ষা শুরু হলে প্রতিদিন মন্ত্রণালয় ঘুষ দেওয়া প্রার্থীদের তালিকা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে মৌখিক পরীক্ষার পাঁচটি বোর্ডের প্রধানের কাছে পাঠাতে থাকে।
বোর্ডের প্রধানদের প্রতি মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল—মৌখিক পরীক্ষায় তাঁদের পাঠানো তালিকাভুক্ত প্রার্থীদের কমপক্ষে ২৫ নম্বর দিতে হবে। আর যাঁরা তালিকাভুক্ত নন, তাঁদের দেওয়া যাবে সর্বোচ্চ ১৫ নম্বর। এইভাবে লিখিত পরীক্ষায় কম নম্বর পাওয়া প্রার্থীদেরও ঘুষ নিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা পাকা করা হয়।
এ বিষয়ে গত বছরের ৪ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। তার পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত বছরের ৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে রিট আবেদন করেন আইনজীবী শাহদীন মালিক।
গত ৩০ জানুয়ারি হাইকোর্টের দেওয়া আদেশে খাদ্য পরিদর্শক, উপ পরিদর্শক ও সহকারী পরিদর্শক পদে নিয়োগের ক্ষেত্রে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ও ২০ নম্বরের মৌখিক পরীক্ষার ভিত্তিতে আদেশ পাওয়ার এক মাসের মধ্যে নিয়োগের ব্যবস্থা নিতে বলা হয়।
হাইকোর্টের ওই আদেশ বাস্তবায়নের জন্য অধিদপ্তর মন্ত্রণালয়ের নির্দেশনা চাইলে নতুন করে পরীক্ষা না নিয়ে মৌখিক পরীক্ষায় যে প্রার্থীকে ৩০-এর মধ্যে ২৭ দেওয়া হয়েছিল তাঁকে সমানুপাতিক হিসাবে ২০-এর মধ্যে ১৮ দেওয়া এবং অন্য প্রার্থীদেরও একইভাবে নম্বর বণ্টনের নির্দেশনা দেয় মন্ত্রণালয়। এতে কার্যত তাঁদেরই চাকরি পাওয়া নিশ্চিত হয়, যাদের ঘুষের বিনিময়ে বেশি নম্বর দেওয়ার অভিযোগ উঠেছে।
তবে এ ব্যাপারে জেড আই খান পান্নার পক্ষে আইনজীবী শাহদীন মালিক হাইকোর্টের পূর্বোক্ত বেঞ্চে একটি ‘রিভিউ পিটিশন’ দাখিল করেন। কিন্তু ইতিমধ্যে বেঞ্চটি পুনর্গঠিত হওয়ায় বিষয়টি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে বলে শাহদীন মালিক জানিয়েছেন।
ওই রিভিউ পিটিশনটির ব্যাপারে প্রধান বিচারপতির কার্যালয় থেকে কোনো নির্দেশনা আসার আগেই প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া শুরু করা হয়। তবে বিষয়টি নিয়ে সংক্ষুব্ধ অনেকে আদালতের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।