প্রশ্নের জবাব দেওয়ায় ছাত্রকে বেত্রাঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের জবাব দেওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে শরীরে সাতটি চিহ্ন বসিয়ে দিয়েছেন এক শিক্ষক। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কেরাতুল কুরআন ক্যাডেট স্কিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্র আবদুল হক আব্বাসীকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদ্রাসার বিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. ওমর ফারুকের শাস্তি দাবি করে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রের বাবা আবদুল জলিল।
ওমর ফারুক দাবি করেন, ‘ওই ছাত্রের কাছে জানতে না চাইলেও সে উত্তর দিয়ে আমার সঙ্গে তর্ক করছিল। এ কারণে দু-একটা পিটুনি দিয়েছি।’
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় ছাত্রের বাবা আবদুল জলিল থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’