প্রশ্নের জবাব স্থানান্তর করায় সংসদে সাবেক তথ্যমন্ত্রীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নের জবাব স্থানান্তর করায় গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের সাংসদ ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় এ ক্ষোভ জানান এবং স্পিকারের রুলিং দাবি করেন। জবাবে স্পিকার বলেন, তিনি বিষয়টি দেখবেন। এর আগে বিকেল পৌনে পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
এই পর্যায়ে আবুল কালাম আজাদ ফ্লোর নিয়ে স্পিকারের উদ্দেশে বলেন, ‘দেশের মানুষকে তথ্য দেওয়ার জন্য আমরা তথ্য অধিকার আইন করেছি। জনগণ এখন তথ্য পায়। কিন্তু সংসদে আমরা তারকা চিহ্নিত প্রশ্ন (মৌখিক উত্তর দেওয়ার জন্য) করে তার জবাব পাই না। পরপর তিন অধিবেশনে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করেছি। তিনি আমার পাশেই বসে আছেন। তিনি প্রশ্নের জবাব পরবর্তী দিনের জন্য স্থানান্তরিত করেছেন। আমরা জবাবদিহি নিশ্চিত করতে চাই। কিন্তু এক প্রশ্ন কত দিন স্থানান্তরিত হবে? এভাবে চললে সংসদে জবাবদিহি নিশ্চিত হবে কীভাবে?’
গতকাল সাংসদদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্ধারিত দিন ছিল। গতকাল তাঁরা তারকা চিহ্নিত ১৮টি ও ৯টি লিখিত প্রশ্নের জবাব স্থানান্তর করেছেন। জবাব দেওয়ার জন্য ৮৮টি তারকা চিহ্নিত ও লিখিত ৪১টি প্রশ্ন নির্ধারিত ছিল।
নবম জাতীয় সংসদেও সবচেয়ে বেশি প্রশ্ন স্থানান্তর করেছিলেন তৎকালীন স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী। বেশির ভাগ ছিল হত্যা, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যাসংক্রান্ত।
কন্যাশিশু ২ কোটি ৭৫ লাখ: দেশে বর্তমানে কন্যাশিশুর (০-১৭ বছর) সংখ্যা ২ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার ৪৩৬ জন বলে সংসদকে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সরকারি দলের লুৎফা তাহেরের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে কন্যাশিশুর সংখ্যা সব থেকে বেশি। এই বিভাগে কন্যাশিশু ৮৭ লাখ ২৬ হাজার ৫১৯ জন। সবচেয়ে কম বরিশালে, ১৬ লাখ ৬৪ হাজার ৩১৯ জন।
সরকারি দলের ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে কতিপয় আন্তর্জাতিক সংগঠন নানা সময়ে পক্ষপাতদুষ্ট ও একপক্ষীয় বিবৃতি দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে আসছে।