প্রশ্নের মুখে ক্যাম্পাসের নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একের পর এক সহিংসতা আর হামলার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন থাকলেও তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তাব্যক্তিরা ও সাধারণ শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে পুলিশ বলছে, তারা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এটা আমরা সবাই বুঝতে পারছি যে ক্যাম্পাসে এখন নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। শুধু পুলিশ দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।’ গত মঙ্গলবার সকালে দুই আবাসিক হলের মাঝামাঝি স্থানে ছাত্রলীগের দুই নেতার ওপর নৃশংসতা চালায় সন্ত্রাসীরা। একজনের পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দেয় হামলাকারীরা। শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করার পাশাপাশি অন্যজনের হাত-পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা। শিবির এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, হামলার সময় ছাত্রলীগের ওই দুই নেতার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও পুলিশ ঘটনাস্থলে আসেনি। তখন দুই আবাসিক হলে ছয়জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। ঘটনার পর হামলাকারীরা ক্যাম্পাস থেকে বিভিন্ন পয়েন্ট দিয়ে বের হয়ে গেলেও পুলিশ সদস্যরা কাউকে আটক করতে পারেনি। ক্যাম্পাস সূত্রে জানা যায়, এপ্রিল মাসেই বিশ্ববিদ্যালয়ে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। ৪ এপ্রিল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী আবাসিক হলের নিজ কক্ষে খুন হয়েছেন ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ। গত ২৭ এপ্রিল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে এক ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে জখম করে স্থানীয় এক যুবক। ওই সময় কাজলা গেটে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করলেও ওই যুবককে ধরতে পারেনি তারা। এ ছাড়া গত দেড় বছরে ক্যাম্পাসে চোরাগোপ্তা হামলায় মারাত্মক আহত হয়েছেন ছাত্রলীগের ছয় নেতা। উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলছেন, শুধু এসব ঘটনাই নয়, ক্যাম্পাসে সংঘর্ষ, হত্যা, হামলা ও ছিনতাইয়ের ঘটনা ক্রমেই বাড়ছে। সন্ধ্যার পর প্রায়ই ক্যাম্পাসের ভেতর ও আশপাশের এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সর্বশেষ গত মঙ্গলবার রাত আটটার দিকে ক্যাম্পাসের পাশে বিনোদপুর বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন দুই শিক্ষার্থী।
নগরের মতিহার থানার পুলিশ জানায়, ছাত্রদের ১১টি আবাসিক হলে সার্বক্ষণিক ছয়জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা, বিনোদপুর, চারুকলা গেট, বধ্যভূমি ও বিশ্ববিদ্যালয় স্টেশন গেটে পাঁচ থেকে সাতজন করে পুলিশ দায়িত্ব পালন করে। এ ছাড়া নিরাপত্তার জন্য উপাচার্যের বাসভবনের সামনে ও প্রশাসন ভবন-১-এ ছয়জন, সিনেট ভবনে ১০ জন, ছাত্রসংগঠনের টেন্টগুলোতে সর্বদা সাত-আটজন করে পুলিশ রাখা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো ক্যাম্পাস পুলিশ মোতায়েন করেছে। অথচ পুলিশ নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তারা আসলে কাদের নিরাপত্তা দিতে কাজ করছে আমরা জানি না।’ রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিম বলেন, ‘এত বড় ক্যাম্পাসে প্রায়ই কিছু না কিছু ঘটছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্য মোতায়েন থাকলেও ক্যাম্পাসের চারদিকে পূর্ণাঙ্গ প্রাচীর না থাকায় অপরাধীরা অপরাধ করে বের হয়ে যাচ্ছে। পুলিশ তার কাজ করে যাচ্ছে।’