সেবা খাতে দুর্নীতিবিষয়ক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জাতীয় খানা জরিপের উত্তর সংবলিত প্রশ্নমালার ছাপানো কপি (হার্ড কপি) সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার বরাবর এসব নথিপত্র এসে পৌঁছেছে।সূত্র জানায়, খানা জরিপ ২০১০-এ পাওয়া বিচার খাত-সম্পর্কিত উত্তর সংবলিত প্রশ্নমালার ৬৫০টি ছাপানো কপি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁঞা ৬ জানুয়ারি জরিপের ছাপানো কপি চেয়ে টিআইবির নির্বাহী পরিচালককে চিঠি পাঠান। এর পরিপ্রেক্ষিতে গতকাল এসব তথ্য পাঠানো হয়।যোগাযোগ করা হলে বদরুল আলম ভূঁঞা প্রথম আলোকে বলেন, বিচার বিভাগ-সম্পর্কিত জরিপের বিষয়ে টিআইবির পাঠানো তথ্য-উপাত্তের ছাপানো কপি জমা দিয়েছে। এসব তথ্য কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।গত ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং নানা অনিয়মের শিকার হতে হয়।