প্রসঙ্গ তারেক-কোকো: সরাসরি উত্তর দিলেন না আইনমন্ত্রী
খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে দেশে ফেরাতে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘বিদেশে পালিয়ে থাকা সবার বিষয়েই আলোচনা করেছি। ঘন ঘন টাস্কফোর্সের সভা হবে; যা বোঝার বুঝে নিন।’
বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফেরত আনতে গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তদের পাশাপাশি বিদেশে পালিয়ে থাকা অন্য আসামিদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আইনমন্ত্রী জানিয়েছেন।
আইনমন্ত্রী আরও বলেন, ‘এ টাস্কফোর্সটি অনেক গুরুত্বপূর্ণ। এটা সম্পূর্ণ জাতীয় নিরাপত্তার বিষয়। তাই নিরাপত্তার স্বার্থে সব বলতে পারছি না।’
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত ২৫ মার্চ আইনমন্ত্রীকে প্রধান করে এ টাস্কফোর্স গঠন করা হয়। আজই এ টাস্কফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হলো।