প্রসবপূর্ব সেবা নেন ছয়জনে একজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রসবপূর্ব সেবা মা ও শিশু উভয়ের জন্য খুব প্রয়োজনীয়। অথচ দেশে ছয়জনের মধ্যে একজন মা এই সেবা নিয়ে থাকেন। তবে শহরে সেবা নেওয়া মায়ের সংখ্যা কিছুটা বেশি, তিনজনে একজন।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং ইউনিসেফের যৌথভাবে করা জরিপের ফলাফলে এ কথা বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের আয়োজিত অনুষ্ঠানে সহযোগিতায় ছিল ইউনিসেফ।

২০১৬ সালের মে ও জুলাই মাসে দেশের ৬৪টি জেলায় দুই লাখ পরিবারের মধ্যে এই জরিপ চালানো হয়।

‘অ্যান অ্যাসেসমেন্ট অন কাভারেজ অব বেসিক সোশ্যাল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক জরিপ প্রতিবেদনে বলা হয়, সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষায় নানা প্রকল্প গ্রহণ করছে। এই প্রকল্পগুলো তখনই কার্যকর হবে যখন মানুষ এই সেবা নেবে এবং তা থেকে উপকৃত হবে।

প্রতিবেদনে উল্লখ করা সংজ্ঞা অনুযায়ী, সরকার নিজে এবং উন্নয়ন অংশীদারের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্যসেবা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তাবিষয়ক যেসব সেবা জনগণকে দেয়, যেগুলো সামাজিক সেবা নামে পরিচিত।

সামাজিক সেবা অর্থাৎ সেবা দেওয়ার পরিধি এবং সেবা গ্রহণের হার মূল্যায়ন করতেই জরিপটি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। এই জরিপের আওতায় প্রাথমিকভাবে শিশুকে স্তন্যপান করানোর উদ্যোগ, শূন্য থেকে পাঁচ মাস বয়স পর্যন্ত স্তন্যপান করানোর হার, শিশুর সম্পূরক খাবার, খাদ্যতালিকার বৈচিত্র্য, মায়ের খাদ্যাভ্যাস, প্রসবপূর্ব সেবা, আয়রন এবং ফলিক অ্যাসিড গ্রহণের হার, শ্বাসযন্ত্রের সংক্রমণ, জন্মনিবন্ধন, প্রাথমিক শিক্ষা, এইচআইভি/এইডস সম্পর্কে ধারণা, নিরাপদ পানি, পয়োব্যবস্থা এবং হাত ধোয়ার মতো বিষয়গুলো দেখা হয়েছে।

নিয়মানুযায়ী, প্রসবকালীন জটিলতা এড়াতে একজন মাকে কমপক্ষে চারবার প্রসবপূর্ব সেবা নিতে হয়। অথচ দুই কিলোমিটারের মধ্যে এই সেবা নেওয়ার সুবিধা থাকলেও তা নেওয়ার হার কম।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশে ৭২ শতাংশ মায়ের এই সেবা নেওয়ার সুযোগ থাকলেও নিচ্ছেন মাত্র ৪৭ শতাংশ। ঢাকা শহরে সেবার সুযোগ আরও বেশি, ৭৭ শতাংশ। কিন্তু সেবাগ্রহীতার হার একই রকম।

জরিপে ১৫ থেকে ৪৯ বছর বয়সী মায়েদের মধ্যে প্রসবপূর্ব সেবা নেওয়ার হার পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, কম বয়সী (১৮ বছরের কম) এবং বেশি বয়সী (৪১ বছরের বেশি) মায়েদের মধ্যে এই সেবা নেওয়ার প্রবণতা কম। শিক্ষিত মায়েরা তুলনামূলকভাবে এই সেবা বেশি নেন।

প্রসবপূর্ব সেবা কম নেওয়ার কারণ হিসেবে প্রতিবেদনে সামাজিক কুসংস্কার, তথ্যের ঘাটতি এবং অদক্ষ লোকবলকে দায়ী করা হয়েছে। দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্যনিরাপত্তায় অনেক অগ্রগতি হলেও দেশের সার্বিক পুষ্টির চিত্র সন্তোষজনক নয়। উল্লেখযোগ্য সংখ্যক শিশু, কিশোরী এবং নারী এখনো অপুষ্টিতে ভুগছে। স্বাস্থ্যসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী ৩৫ শতাংশ শিশু খর্বাকৃতি অর্থাৎ বয়সের তুলনায় উচ্চতা কম। ৩১ শতাংশ শিশুর কম ওজনের।

প্রতিবেদনে বলা হয়, শিশুদের অপুষ্টির মূল কারণ অপর্যাপ্ত স্তন্যপান এবং সম্পূরক খাবার, খাদ্যতালিকায় বৈচিত্র্যের অভাব ও অস্বাস্থ্যকর পরিবেশ। আর মায়েদের অপুষ্টি হচ্ছে অপর্যাপ্ত খাবার, খাদ্যতালিকায় বৈচিত্র্যের অভাবসহ লিঙ্গ এবং এলাকাভিত্তিক কুসংস্কারের কারণে।

প্রতিবেদনটি বলছে, জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ পান করালে নবজাতককে নানা ধরনের সংক্রমণ থেকে রক্ষা করা যায়। পাশাপাশি, নবজাতকের মৃত্যুরোধেও শালদুধের ভূমিকা অনেক।

সরকারের নবজাতক এবং শিশু প্রতিপালন স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি আছে। এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা শূন্য থেকে ২৩ মাস পর্যন্ত যাঁরা শিশুকে দেখভাল করেন, তাদের স্তন্যপান এবং সম্পূরক খাবারের উপকারিতা সম্পর্কে ধারণা এবং বিভিন্ন পরামর্শ দেন। কিন্তু গ্রামের ৩৬ শতাংশ এবং শহরের ২৩ শতাংশ মায়ের ৩০ মিনিটের হাঁটা দূরত্বের মধ্যে এই সেবা নেওয়ার সুযোগ নেই। কিছু কিছু গ্রামীণ অঞ্চলে এই হার আরও কম। রাজশাহীতে ৫৮ শতাংশ মা এই সেবা থেকে বঞ্চিত হন। তবে শহরের মায়েরা গ্রামের মায়েদের তুলনায় এই সেবাটি ১১ শতাংশ বেশি পেয়ে থাকেন।

প্রতিবেদনটি বলছে, যাঁরা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে নবজাতক এবং শিশু প্রতিপালন সম্পর্কে ধারণা নেন, তাঁদের ৭০ শতাংশ শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে বাচ্চাকে শালদুধ দেন। তাঁদের ১৩ শতাংশ এক দিনের মধ্যে এবং ৩ শতাংশ একদিন পরে দেন। শালদুধ দেওয়ার ক্ষেত্রে মেয়ে ও ছেলেশিশুদের মধ্যে কোনো লিঙ্গভিত্তিক বৈষম্য পাওয়া যায়নি।

শিশু এবং মায়ের পুষ্টির ক্ষেত্রে খাদ্যতালিকার বৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন ও খনিজের চাহিদা সাতটি গ্রুপের খাবারের মাধ্যমে পূরণ হয়। তথ্য বলছে, গ্রামের এক-পঞ্চমাংশ এবং শহরের এক-চতুর্থাংশের কম শিশুর খাদ্যে এই বৈচিত্র্য থাকে।

গর্ভকালীন এবং এর আগে মায়ের স্বাস্থ্যের অবস্থা শিশুর ওজন, বেড়ে ওঠা, শারীরিক সুস্থতা নির্ধারণ করে। মায়ের স্বাস্থ্যব্যবস্থা ভালো হলে প্রসবকালীন জটিলতাও কম হয়। কিন্তু পর্যাপ্ত এবং বৈচিত্র্যপূর্ণ খাদ্যের অভাবে উল্লেখযোগ্যসংখ্যক মা অপুষ্টিতে ভোগেন।

প্রতিবেদনে বলা হয়, গর্ভবতী এবং স্তন্যপানকারী মাকে পর্যাপ্ত আয়রন এবং ফলিক অ্যাসিড দিলে হিমোগ্লোবিন এবং রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়ে। প্রসবপূর্ব সেবা নেওয়ার সময়ই এগুলো দেওয়া হয়। অন্য সব সেবার মতো এখানে গ্রাম ও শহরের তারতম্য বিদ্যমান। গ্রামের ৪৪ শতাংশ এবং শহরের ৫৮ শতাংশ নারীর ৩০ মিনিটের হাঁটা দূরত্বে এই সেবা নেওয়ার সুযোগ আছে। সিলেট, চট্টগ্রাম এবং রাজশাহীর গ্রামীণ এলাকায় এই সেবার সুযোগ আরও কম।

তথ্য বলছে, গ্রামের ৬ শতাংশ এবং শহরের ৩ শতাংশ নারী ১০০টি আয়রন এবং ফলিক অ্যাসিড সেবন করেন। খেতে বিস্বাদ হওয়ায় এবং সুঘ্রাণ না হওয়ায় ৪১ শতাংশ নারী এটি খান না। ভুলে যাওয়ার কারণে ১৪ শতাংশ এবং তথ্য ঘাটতির কারণে ১০ শতাংশ খান না।

৬০ শতাংশ শিশুর জন্ম থেকে ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধনের সুযোগ থাকলেও শহরে মাত্র ১৫ শতাংশ শিশুর এ সময় জন্ম নিবন্ধন হয়। গ্রামে এ হার ১৩ শতাংশ।

একইভাবে, প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করলেও শিশুরা ঝরে পড়ছে। এ ছাড়া নিরাপদ যৌন আচরণ এবং এইচআইভি সম্পর্কেও তরুণদের ধারণা কম।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পটির পরিচালক মো. মুজিব-উল-ফেরদৌস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভালো করলেও শিশু এবং নারীর উন্নয়ন চিত্র সন্তোষজনক নয়। এদের স্বাস্থ্যগত উন্নয়ন এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে আরও কিছু বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে। এই জরিপটির মাধ্যমে সে বিষয়টি সহজ হবে।

প্রধান অতিথির বক্তব্যে আইএমইডির সচিব মো. মফিজুল ইসলাম বলেন, বাংলাদেশে নারী ও শিশুস্বাস্থ্যে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন হয়েছে, যা ইউনিসেফের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এই জরিপটি সরকারের বিভিন্ন প্রকল্প কার্যকরে একটি বড় হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে আইএমইডির শিক্ষা ও সমাজ বিভাগের মহাসচিব নাসিমা মোহসিনের নেতৃত্বে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দেশে ঘরে এবং বাইরে শিশু ও নারীরা নির্যাতনের শিকার হয়ই চলছেন। এর শুরু হয় একটি শিশু মায়ের পেটে থাকা অবস্থা থেকে। এ জন্য নারীর প্রতি নির্যাতন এবং সহিংসতা সম্পূর্ণ বন্ধ না করতে পারলে শিশু ও নারীর উন্নয়ন সম্ভব নয়।

লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার পাশাপাশি বক্তারা এতে সামাজিক এবং সংস্কৃতিগত বৈষম্য দূর করার ওপর জোর দেন।

বাংলাদেশে নিযুক্ত ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার জরিপটি পরিচালনা থেকে শুরু করে এর উপকারিতা ও কার্যকর দিকগুলো আলোচনা করেন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।