স্বাস্থ্যকেন্দ্রে প্রসবস্থলেই ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকিতে পড়ছে নবজাতক ও মা। বাংলাদেশ ও ভারতের কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র ঘুরে এটা দেখেছেন গবেষকেরা। গতকাল বুধবার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষক দলের পাওয়া তথ্য ‘ওয়াশ অ্যান্ড ক্লিন ইন দ্য লেবার ওয়ার্ড: অ্যা সিচুয়েশন অ্যানালিসিস ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ’ শিরোনামে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বলা হয়, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অ্যাবারডিন, ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ব্র্যাক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান সোপবক্স কোলাবরেটিভের সদস্যদের নিয়ে গঠিত গবেষণা দলটি ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত বাংলাদেশ ও ভারতের কিছু হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র ঘুরে তথ্য সংগ্রহ করেন।
বাংলাদেশে তৃণমূল থেকে জেলা পর্যায়ের আটটি স্বাস্থ্যকেন্দ্রের তথ্য সংগ্রহ করেন গবেষকেরা। আটটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিনিধিত্বমূলক কি না, তা নিয়ে সভাস্থলে অনেকেই প্রশ্ন করেন। গবেষক দলের প্রধান ইউনিভার্সিটি অব অ্যাবারডিনের অবসট্রেটিক এপিডেমিওলজি বিভাগের শিক্ষক ওয়েন্ডি জে গ্রাহাম বলেন, তাঁরা মনে করেন, গবেষণার জন্য নমুনা ছোট, তবে যে তথ্য পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ। ওয়েন্ডি ভারতে গবেষণার অভিজ্ঞতা থেকে বলেন, গবেষণায় দেখা গেছে, প্রাসাদের মতো হাসপাতালও যথেষ্ট নিরাপদ নয়।
ব্যবস্থাপনা পর্যায়ে ১০ জন, ১৮ জন স্বাস্থ্যসেবাদানকারী এবং ২২ জন পরিচ্ছন্নতাকর্মীর সাক্ষাৎকার নেন গবেষকেরা।
ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির পরিচালক কাওসার আফসানা বলেন, ভারতে পরিচালিত অন্য গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে সংক্রমণের ঝুঁকি বাড়িতে সন্তান প্রসবের চেয়ে বেশি। স্বাস্থ্যকেন্দ্রে সন্তান জন্মদানে নারীদের উৎসাহ দেওয়া হচ্ছে। তাই কেন্দ্রগুলো নিরাপদ হওয়া জরুরি।