প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার বন্ধে সচেতনতার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচারের মাধ্যমে দেশে ২৩ শতাংশ প্রসব করানো হচ্ছে। হাসপাতাল ও ক্লিনিকে হওয়া এসব অস্ত্রোপচারের একটি বড় অংশ অপ্রয়োজনীয়। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ ও জনসচেতনতা দরকার।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে স্বাস্থ্য প্রতিবেদনে সর্বশেষ বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস-২০১৪) তথ্যের ব্যবহার নিয়ে আয়োজিত কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট), যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডি এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নজরদারি ও মূল্যায়ন উপদেষ্টা কারার জুনায়েদ হাসান জনসংখ্যা পরিস্থিতি ও পরিবার পরিকল্পনা কার্যক্রমের তথ্য তুলে ধরেন। সভাপতিত্ব করেন নিপোর্টের পরিচালক (গবেষণা) মো. রফিকুল ইসলাম সরকার।

বিডিএইচএস-২০১৪ বলছে, দেশে অস্ত্রোপচারের মাধ্যমে ২৩ শতাংশ প্রসব করানো হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নির্দিষ্ট জনগোষ্ঠীতে ১৫ শতাংশ প্রসবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

এ বিষয়ে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের প্রধান ইশতিয়াক মান্নান বলেন, কোনো জটিলতার কারণে মায়ের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে প্রসবে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাবিজ্ঞানের বইয়ে স্পষ্টভাবে বলা আছে কোন কোন পরিস্থিতিতে অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব দরকার।

বিডিএইচএসের তথ্য বলছে, সরকারি প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে ৩৮ শতাংশ প্রসব করানো হচ্ছে। আর এনজিও পরিচালিত প্রতিষ্ঠানে এই সংখ্যাটি ২৮ শতাংশ। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এসব প্রতিষ্ঠানে ৮০ শতাংশ প্রসবই হচ্ছে অস্ত্রোপচারের মাধ্যমে।

বিডিএইচএসের এসব তথ্যকে অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের একটি নির্দেশক বলে মন্তব্য করেন ইশতিয়াক মান্নান। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, অস্ত্রোপচার যদি দরকারই হয়, তবে ধনী ও দরিদ্র উভয় শ্রেণির মায়েদের জন্য তা সমানভাবে দরকার। কিন্তু পরিসংখ্যান বলছে ধনী পরিবারে অস্ত্রোপচার বেশি হচ্ছে, অর্থাৎ অর্থের সঙ্গে অস্ত্রোপচারের একটি সম্পর্ক আছে। তিনি বলেন, ‘অপ্রয়োজনীয় অস্ত্রোপচারের সঙ্গে অনৈতিক কিছু বিষয় জড়িত থাকে।’

বিডিএইচএসের তথ্য বলছে, সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণির ৭ শতাংশ মা অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর জন্ম দিচ্ছে। আর ধনী পরিবারে এই হার ৫০ শতাংশ।