প্রসাধনসামগ্রী জব্দ, সোয়া লাখ টাকা জরিমানা
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে দুটি প্রসাধন কারখানায় অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে অনুমোদনহীন প্রসাধনসামগ্রী ধ্বংস করা হয়।
রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেট শিমুল আখতারের নেতৃত্বে গতকাল দুপুরে এ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বিএসটিআই কর্মকর্তারা অংশ নেন।
প্রথমে তাঁরা মডার্ন হারবাল কসমেটিক কারখানায় অভিযান চালান। এ সময় সেখানে অনুমোদিত পণ্যের পাশাপাশি আরেকটি অনুমোদনহীন প্রসাধনসামগ্রী পাওয়া যায়। তারা সেগুলো একইভাবে উৎপাদন ও বাজারজাত করছে। সেই সঙ্গে তাদের কারখানায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ মেহেিদ পাওয়া যায়। এই পণ্যগুলো জব্দ করে ধ্বংস করা হয়।
পরে তাঁরা ম্যাডোনা কসমেটিক নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এরাও অনুমোদিত পণ্যের সঙ্গে আরেকটি অনুমোদনহীন পণ্য বিনা মূল্যে সরবরাহ করে। বিনা মূল্যে সরবরাহ করা এ পণ্যটির কোনো অনুমোদন নেই।
ম্যাজিস্ট্রেট শিমুল আখতার জানান, এ অভিযোগে মডার্ন হারবালকে এক লাখ টাকা এবং ম্যাডোনা কসমেটিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করা হয়েছে।