প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কাজে আদালতের অসন্তোষ
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের ওপর গভীর অসন্তোষ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানির সময় আজ মঙ্গলবার আপিল বিভাগ এই অসন্তোষ প্রকাশ করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে আজ এই আপিল মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করে। শুনানি কাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আজকের শুনানি শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহবুবে আলম। তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কাজের ওপর আদালত গভীর অসন্তোষ প্রকাশ করেছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, শুনানির একপর্যায়ে আদালত বলেছেন, তাদের (প্রসিকিউটর ও তদন্ত সংস্থা) পেছনে যথেষ্ট খরচ হচ্ছে। অথচ, তারা সঠিকভাবে মামলা তদন্ত ও পরিচালনা করছে বলে মনে হয় না।
মাহবুবে আলম বলেন, আদালত আরও বলেছেন, যেহেতু কোনো কোনো প্রসিকিউটর অদক্ষতার পরিচয় দিয়েছেন, তাই তাঁদের সরিয়ে দেওয়া উচিত।
অ্যাটর্নি জেনারেল বলেন, আদালত চান, আইনজীবীরা যেন দক্ষ হন। কাজের প্রতি তাঁদের যেন নিষ্ঠা থাকে।
মাহবুবে আলম উল্লেখ করেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলায়ও প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কাজে অসন্তোষ প্রকাশ করেছিলেন আদালত।