প্রসিদ্ধ রেস্তোরাঁর বাহারি ইফতারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত যে রকমারি খাবারের আয়োজন! দেখলেই জিবে পানি আসে। নেহাত রোজা বলেই মানুষ ধৈর্য ধরে ইফতার পর্যন্ত অপেক্ষা করে। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির সাত মসজিদ রোডের দুই পাশে প্রসিদ্ধ সব রেস্তোরাঁই ইফতারসামগ্রীতে নিয়ে এসেছে জিবে পানি আনা সব খাবার।এই এলাকার ইফতারসামগ্রীর বেশির ভাগই মাংস দিয়ে তৈরি। এর মধ্যে আছে ঝালফ্রাই, নানা ধরনের কাবাব, পাকুরা, মাংসের রোল, হালিম। সঙ্গে নানা ধরনের পিঠা, জিলাপি, শরবত, ছোলা, বেগুনি, পেঁয়াজু তো আছেই। দামটা অবশ্য একটু বেশিই। তার পরও ক্রেতাদের আগ্রহের কোনো কমতি নেই। একটি দোকানে তো রীতিমতো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জিলাপি কিনতে দেখা যায়।এই অঞ্চলের ইফতারসামগ্রীর পরিবেশনা বেশ স্বাস্থ্যসম্মত। অধিকাংশ দোকানেই পণ্য ঢেকে রাখা হয়। অনেক দোকানেই বিক্রেতাকেও নির্দিষ্ট পোশাক পরতে দেখা গেছে।৪৯ নম্বর সাত মসজিদ রোডের অভিজাত রেস্টুরেন্ট অ্যাবাকাসের পরিপাটি করে সাজানো ইফতারসামগ্রী দেখলে কার না কিনতে ইচ্ছা করবে। প্রতিষ্ঠানটি সব মিলিয়ে ৪০ পদের খাবার নিয়ে এসেছে। এর মধ্যে আছে গরু ও খাসির শাহী হালিম, চিকেন পাকুরা, সিকেন সমুচা, চিকেন কাবাব রোল, স্পাইসি গ্রিল উইংস, চিকেন ললিপপ, চিকেন ব্রোস্ট, ক্রাম্ড ফ্রাইড প্রন (খাসির মাংস দিয়ে তৈরি), গরুর কাবাব রোল, জালি কাবাব, কিমা চপ, লাঠি কাবাব প্রভৃতি। ঘিয়ে ভাজা বিশেষ ধরনের জিলাপিও নিয়ে এসেছে অ্যাবাকাস। দাম পড়বে কেজিপ্রতি ৩২০ টাকা।আরেক অভিজাত রেস্টুরেন্ট খাজানায় জাফরান রং দিয়ে ঘিয়ে ভাজা এক ধরনের জিলাপি দেখা গেল। দাম আরও বেশি। কেজিপ্রতি ৫০০ টাকা। এত দাম কেন? বিক্রেতা উত্তর দেওয়ার আগেই এক ক্রেতা বললেন, ‘ভালো জিনিস খেলে দাম একটু বেশিই পড়বে।’ পকেটে টাকা থাকলে এই দোকানের চিলি চিকেন (প্রতি বাক্স ৩৫০ টাকা), দই বড়া (দুটি ১৫০ টাকা), চানা চাট (ছোট এক বাক্সের দাম ২০০ টাকা) না কিনে বাড়ি ফেরা কঠিন।পাশেই অলিম্পিয়া প্যালেসেও আছে অনেক ধরনের মাংসের তৈরি খাবার। দাম তুলনামূলক কমই মনে হলো। বিফ রোল, কাঠি কাবাব, ফ্রাইড চিকেনের পাশাপাশি এই দোকানে আছে ফিরনি, মুরগি আর খাসির আস্ত রানের রোস্ট।একই সড়কের ডিসেন্ট পেস্ট্রি শপে অন্য খাবারের পাশে আছে কাশ্মীরি শরবত। দাম প্রতি লিটার ১৬০ টাকা। পানীয়ের মধ্যে আরও আছে লাবাং। দাম পড়বে লিটারপ্রতি ১২০ টাকা। আরও আছে কিমা পরোটা, পনির পরোটা, মুরগির মাংসের অ্যারাবিয়ান কাবাব, চিকেন পাক্রোম (২৫০ গ্রাম ১৪০ টাকা), বিশেষ ধরনের গরুর ভুনাসহ (২৫০ গ্রাম ১৫০ টাকা) আরও নানা পদের খাবার।জয়পুর সুইটস কেবল জিলাপি বিক্রি করে। চাহিদা কেমন, বিক্রেতাদের কিছুই জিজ্ঞেস করতে হয়নি। কারণ, ক্রেতারা বিকেল থেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন জিলাপি কেনার জন্য। দাম কেজিপ্রতি ১৬০ টাকা।কড়াই গোস্ত, ডমিনাস পিৎজা, কেএফসি, পিৎজা হাটেও আছে ইফতারের হরেক রকম আয়োজন।তবে সাত মসজিদ রোডের স্টার কাবাব ও হোটেলের কথা না বললে এই এলাকার ইফতারির বর্ণনা অপূর্ণাঙ্গ থেকে যাবে। দুপুরের পর থেকেই এখানে ক্রেতাদের ভিড় লেগে থাকে। আছে শাহী হালিম, খাসির চাপ (কেজি ৪২০ টাকা), খাসির আস্ত রান রোস্ট (প্রতিটি ২৩০ টাকা), কাবাব রোল (প্রতিটি ৬৫ টাকা), আস্ত মুরগির রোস্ট (প্রতিটি ২২০ টাকা)। আরও আছে চিকেন উইংস, চিকেন ফ্রাই, শামী কাবাব, গরুর সুতি কাবাব, জালি কাবাবসহ কত ধরনের খাবার। বিক্রি কেমন—জানতে চাইলে বিক্রেতা খোকন বললেন, ‘খুব ভালো আল্লাহর রহমতে।’পাশের আলী বেকস অ্যান্ড সুইটসে গিয়েও সাজানো-গোছানো, পরিচ্ছন্ন পরিবেশে নানা ধরনের ইফতারসামগ্রী বিক্রি করতে দেখা গেছে। এখানেও মাংসের খাবারই বেশি দেখা গেছে। ধানমন্ডির ১৯ নম্বর সড়কের খাবারের দোকান উৎসতে গিয়েও একই অবস্থা দেখা গেল। বিক্রেতা মো. রাহুল বললেন, মাংসের খাবারের চাহিদাই বেশি। বিক্রিও বেশ ভালো।