প্রসূতি অস্ত্রোপচার ১০ দিন ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি অস্ত্রোপচার ১০ দিন ধরে বন্ধ রয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. আবদুর রহিম ঢাকায় অবস্থান করায় এবং প্রসূতি বিভাগের পরামর্শক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মচারী সূত্রে জানা গেছে, ৮ ডিসেম্বর থেকে ইউএইচএফপিও মো. আবদুর রহিম পদোন্নতি-সংক্রান্ত বিভাগীয় পরীক্ষা এবং প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রসূতিরা। গতকাল বুধবার পর্যন্ত ১০ দিনে অনেক প্রসূতির অস্ত্রোপচারের প্রয়োজন ছিল। প্রতিদিন দুই থেকে তিনজন প্রসূতিকে অস্ত্রোপচারের জন্য পটুয়াখালী বা বরিশালে চলে যেতে হয়েছে।
সোমবার সরেজমিনে দেখা গেছে, মারুফা বেগম নামের এক প্রসূতি প্রসববেদনায় ছটফট করছেন। মারুফার স্বামী সুমন ব্যাপারী বললেন, ‘স্বাভাবিকভাবে সন্তান প্রসব অইলে তো আল্লার কাছে শুকরিয়া, না অইলে কী যে অইবে, হেইডাই তো চিন্তার বিষয়।’
ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম ফরহাদ বলেন, ইউএইচএফপিও একদিকে প্রশাসনিক কাজ করেন, অন্যদিকে অভিজ্ঞ চিকিৎসক হিসেবে অস্ত্রোপচারের কাজ করেন। তাঁকে তো প্রশাসনিক কাজে অন্যত্র যেতে হয়। কর্মস্থলে তিনি না থাকলে সমস্যা হয়। তা ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতির পরামর্শক পদ দীর্ঘদিন ধরে শূন্য। গুরুত্বপূর্ণ একটি উপজেলার কথা বিবেচনা করে ওই পদে কাউকে পদায়ন করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।