প্রসূতি অস্ত্রোপচার নয় বছর বন্ধ
প্রসূতি সার্জন ও অবেদনবিদ না থাকায় নয় বছর ধরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এতে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে মেশিনটিও তিন বছর ধরে বিকল।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে কোনো প্রসূতি সার্জন নেই। অবেদনবিদ শফিকুল আলম ২০০৩ সালের ২৪ আগস্ট কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেওয়ার পর থেকে প্রেষণে (ডেপুটেশন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। তাই জরুরি প্রসূতিসেবা ও অস্ত্রোপচার বন্ধ রয়েছে। একাধিক প্রসূতি জানান, বাধ্য হয়ে তাঁরা বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ সদরের বেসরকারি চিকিৎসা কেন্দ্রে (ক্লিনিক) অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। এতে অনেক অর্থ ব্যয় হয়েছে। পড়তে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগে।নাম প্রকাশে অনিচ্ছুক বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন সেবিকা বলেন, ‘আমাদের হাসপাতালে ছয় মাসে যতগুলো প্রসূতি অস্ত্রোপচার হয়েছে, তার অধিকাংশই কটিয়াদী ও এর আশপাশ এলাকার।’কটিয়াদী পৌর সদরের চরিয়াকোনা গ্রামের রতন কুমার সিংহ জানান, কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে সব ব্যবস্থা থাকার পরও তাঁর স্ত্রীকে কিশোরগঞ্জের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর সন্তান হয়। এতে প্রচুর সময় ও অর্থ ব্যয় হয়েছে।মার্জিয়া বেগম নামের এক গৃহবধূ জানান, তাঁর ছেলের পা ভেঙে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারেন, এক্স-রে মেশিনটি নষ্ট। বাধ্য হয়ে ক্লিনিকে এক্স-রে করতে হয়েছে। কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আইসিডিডিআরবির তত্ত্বাবধানে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ২০০৭ সালে চার কোটি টাকা ব্যয়ে শীতাতপনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রসূতিসেবা কেন্দ্রটি চালু করা হয়। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ মঞ্জুরুল হক বলেন, অবেদনবিদকে একাধিকবার চিঠি দিয়েও যোগদান করানো যাচ্ছে না। তা ছাড়া এক্স-রে মেশিনটি মেরামতের জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না।