প্রসূতি অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক না থাকায় এক বছরের বেশি সময় ধরে প্রসূতি অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রসূতিরা কম খরচে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একমাত্র এক্স-রে যন্ত্রটি তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। কমপ্লেক্সের কার্যালয় থেকে জানা যায়, অবেদনবিদ তোফাজ্জল হোসেন ২০১০ সালের ৮ নভেম্বর বদলি হয়ে চলে যাওয়ার পর থেকেই এ পদ শূন্য। তখন থেকেই সেখানে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ। স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও প্রসূতি শল্যচিকিৎসক আইরিন হক ২০১১ সালের ৬ জুলাই বদলি হয়ে অন্যত্র চলে যান। এ পদেও এখন পর্যন্ত কেউ আসেননি। মতলব উত্তর উপজেলার ঠাকুরচর গ্রামের মোহসেনা আক্তার প্রথম আলোকে জানান, ‘গত নভেম্বরে সিজারের জন্য মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে আইছিলাম। ডাক্তার না থাকায় করাইতে পারি নাই। পরে চাঁদপুর পদ্মা হাসপাতালে প্রায় ২০ হাজার টাকা খরচ কইরা সিজার করাইছি। টেয়া ও সময় দুইটাই অপচয় অইছে। আসা-যাওয়ার ঝুঁকি এবং দুর্ভোগও ছিল অনেক।’ মতলব জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের পরিচালক জি এম হাবীব খান জানান, তাঁদের হাসপাতালে গত তিন মাসে প্রায় ২০০ প্রসূতির অস্ত্রোপচার হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় জানায়, ২০০৯ সালের এপ্রিল থেকে এক্স-রে যন্ত্রটি (৩০০এমএ) বিকল হয়ে পড়ে আছে। গত রোববার সরেজমিনে দেখা যায়, যন্ত্রটিতে জমে আছে ধুলোবালি ও মাকড়সার জাল। টেকনেশিয়ান জাহাঙ্গীর আলম জানান, এটি ঠিক করার জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে বারবার জানিয়েও কাজ হয়নি। চিকিৎসা কর্মকর্তা মাকসুদুল আলম জানান, ‘দীর্ঘ সময় ধরে এখানে ডাক্তারের অভাবে প্রসূতি অস্ত্রোপচার হয় না, এটা দুঃখজনক। মূলত গরিব রোগীদের এতে অসুবিধা হচ্ছে বেশি। একটি হাসপাতালে তিন বছর ধরে এক্স-রে মেশিন নষ্ট, এটা ভাবাই যায় না।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইসহাক মিয়া বলেন, ‘অবেদনবিদ এবং প্রসূতি সার্জনের শূন্যপদে লোক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। এ দুই পদে চিকিৎসক এলে অস্ত্রোপচার শুরু হবে। আর এক্স-রে মেশিনটি মেরামতের জন্য কয়েক দফা কর্তৃপক্ষকে জানিয়ে কাজ হয়নি। নতুন মেশিন চেয়েও পাওয়া যায়নি।