প্রসূতি অস্ত্রোপচার বন্ধ নয় বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক যন্ত্রপাতি ও শয্যা থাকলেও শুধু অবেদনবিদের অভাবে বরগুনা মা ও শিশুকল্যাণ কেন্দ্রে গত নয় বছর প্রসূতি অস্ত্রোপচার (সিজারিয়ান অপারেশন) বন্ধ রয়েছে। ফলে এসব যন্ত্রপাতি পড়ে আছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, ২০০৫ সালে বরগুনা শহরের উপকণ্ঠে বরইতলা গ্রামে মা ও শিশুকল্যাণ কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখানে ১০টি শয্যা ও আধুনিক যন্ত্রপাতিসংবলিত একটি অস্ত্রোপচারকক্ষ রয়েছে। উদ্বোধনের পর এখানে একজন গাইনি চিকিৎসা কর্মকর্তা ও একজন অবেদনবিদ দেওয়া হয়। কিন্তু কয়েক মাসের মধ্যেই ওই অবেদনবিদ পারিবারিক একটি মামলার কারণে সাময়িক বরখাস্ত হন। এরপর আর কোনো অবেদনবিদ এখানে দেওয়া হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কেন্দ্রটির সেবাসমূহের তালিকাসংবলিত সাইনবোর্ড রয়েছে। এটিতে এই কেন্দ্র থেকে অন্তঃসত্ত্বা নারীদের সেবা, স্বাভাবিক প্রসবসেবা, জটিল প্রসবসেবা, অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব, গর্ভোত্তরসেবা, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাতজনিত সেবা, নবজাতকের সেবা, প্রজননতন্ত্র ও যৌনবাহিত রোগের সেবা ছাড়াও সব ধরনের সাধারণ চিকিৎসাসেবার কথা উল্লেখ রয়েছে।
কেন্দ্রটিতে অন্তঃসত্ত্বা নারীদের জন্য স্থাপন করা ১০টি শয্যা পড়ে আছে। অস্ত্রোপচারকক্ষের যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় তা ধুলাবালিতে একাকার। কেন্দ্রের বহির্বিভাগে চার-পাঁচজন নারী সর্দি-কাশিজনিত সাধারণ রোগের চিকিৎসা নিতে এসেছেন। তিনজন পরিবারকল্যাণ পরিদর্শক একটি কক্ষে বসে দাপ্তরিক কাজ করছেন।
জ্যেষ্ঠ পরিদর্শক জাকিয়া সুলতানা বলেন, ‘এই কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রসূতিসেবা কার্যক্রম চালু রয়েছে। তবে জটিল প্রসূতিদের আমরা জেনারেল হাসপাতালে পাঠাই। এখানে চিকিৎসক শাহনাজ বেগম অস্ত্রোপচার করতে পারলেও অবেদনবিদের অভাবে তিনি এই সেবা দিতে পারছেন না।’
কয়েকজন রোগী বলেন, পরিবার-পরিকল্পনা ও সাধারণ প্রসূতিসেবা ছাড়া প্রসবজনিত জটিলতার সেবা এখানে মিলছে না।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও ফল পাইনি।’
এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রটি শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে হওয়ায় নারী ও শিশু রোগীও কম আসে। একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে যেখানে প্রতিদিন ৮০-৯০ জন রোগী সেবা নেয়, সেখানে দৈনিক গড়ে ৬০ জন রোগী এখানকার বহির্বিভাগে চিকিৎসা ও অন্যান্য সেবার জন্য আসে।
জাকিয়া সুলতানা বলেন, ‘শহরের একজন রোগীকে এখানে আসা-যাওয়ায় কমপক্ষে এক-দেড় শ টাকা ব্যয় করতে হয়। আর শহরের বাইরের রোগীদের কথা তো বলারই অপেক্ষা রাখে না।’