প্রসূতি অস্ত্রোপচার হয় না পাঁচ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বছরের পর বছর ধরে চিকিৎসক-সংকট চলছে। গাইনি চিকিৎসক এবং অবেদনবিদ না থাকায় পাঁচ বছর ধরে এখানে সিজারিয়ান অস্ত্রোপচার হয় না। এ কারণে অনেক গরিব রোগীকে প্রাইভেট ক্লিনিকে বেশি টাকা খরচ করে সেবা নিতে হয়। হাসপাতালটি গুরুদাসপুরে হলেও ভৌগোলিক অবস্থানগত কারণে বড়াইগ্রাম, সিংড়া, তাড়াশ ও চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারিবিধি মোতাবেক ৫০ শয্যার এই হাসপাতালে একজন করে মেডিসিন, সার্জারি, গাইনি, অ্যানেস্থেসিয়া, শিশুরোগ, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষুরোগ, নাক-কান-গলা ও ডেন্টাল সার্জনসহ নয়জন কনসালট্যান্ট, ১৭টি সাধারণ চিকিৎসকের পদ থাকার কথা। কিন্তু কাগজ-কলমে আছেন আটজন। তিনজন অফিস সহকারীর স্থলে একজন ও ছয়জন পিয়নের মধ্যে কর্মরত আছেন একজন। ১৫ জন সেবিকার মধ্যে আছেন ছয়জন। বৃহস্পতিবার (২৮ মার্চ) হাসপাতালে গিয়ে দেখা গেছে, বহির্বিভাগের টিকিট কাউন্টারে শতাধিক মানুষের ভিড়। সবাই এসেছেন দূরবর্তী বিভিন্ন গ্রাম থেকে। জরুরি বিভাগে কোনো চিকিৎসা কর্মকর্তা নেই। বহির্বিভাগে চিকিৎসক প্রসাদ ও মুসা চিকিৎসা দিচ্ছেন। টিকিট কাউন্টারের পাশের কক্ষে দন্ত চিকিৎসক আমিনুল ইসলাম চিকিৎসা দিচ্ছেন। এর পাশের কক্ষে চিকিৎসা কর্মকর্তা সোহানা আরজু ও উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মিনহাজুর রহমান চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসক-সংকটের কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাঁর কক্ষে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা জানান, অধিকাংশ পাখা বিকল থাকায় তীব্র গরমে তাঁদের কষ্ট হচ্ছে। তাড়াশের বিন্নাবাড়ি গ্রাম থেকে আসা করিম মোল্লা (৬০) ও আবুল জানান, দুই ঘণ্টা ধরে তাঁরা চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন। গুরুদাসপুরের মশিন্দা চরপাড়া গ্রামের দিনমজুর ময়েজ মৃধার (৪৫) পায়ের হাড় ভেঙে গেছে। এক্স-রে যন্ত্রটি সচল না থাকায় একটি ক্লিনিকে তাঁর এক্স-রে করাতে হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান চিকিৎসকের অভাবে প্রায় পাঁচ বছর ধরে হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন, চিকিৎসক-সংকট ও অন্যান্য সমস্যা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার জানানো হয়েছে। কিন্তু সমাধান হচ্ছে না।