প্রসূতি ওয়ার্ডের এ কী হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার প্রায় অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বাড়েনি প্রসূতি ওয়ার্ডের সংখ্যা। ওয়ার্ডে শয্যার তুলনায় প্রসূতির সংখ্যা অনেক বেশি হওয়ায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। শয্যার অভাবে অস্ত্রোপচারের জটিল রোগীকেও রাখা হচ্ছে মেঝেতে।
গতকাল বৃহস্পতিবার হাসপাতালের প্রসূতি ওয়ার্ড ঘুরে রোগীদের দুর্ভোগের চিত্র দেখা যায়। হাসপাতালের কর্মকর্তারাও স্বীকার করছেন সংকটের কথা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে শয্যার সংখ্যা ৪৮টি। অথচ এর বিপরীতে প্রতিদিন গড়ে ১৪০ জনেরও বেশি প্রসূতি সেবা নিতে আসেন। অন্যদিকে প্রসবোত্তর ওয়ার্ডে শয্যাসংখ্যা ৬৪টি। সেখানে ১০০ জনেরও বেশি প্রসূতি ও তাঁদের নবজাতকদের থাকতে হয়।
গতকাল প্রসূতি ওয়ার্ড ঘুরে দেখা যায়, বেশির ভাগ শয্যার তোশক ছেঁড়া। অনেক চাদরই পুরোনো ও ময়লা। অনেক শয্যায় চাদরও নেই। দেড় শ রোগী ও তাঁদের সঙ্গে থাকা স্বজনদের ব্যবহারের জন্য রয়েছে মাত্র ছয়টি শৌচাগার।
বুধবার চমেক হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে ভর্তি হয়েছেন ফটিকছড়ির সাজু আকতার। তাঁর সঙ্গে আসা বোন তাহমিন বলেন, শৌচাগার এতটাই নোংরা যে সেখানে ঢোকাই দায়। রোগীরা বলেন, শৌচাগারে সব সময় পানিও থাকে না।
গড়ে মাত্র ছয়জন সেবিকা প্রতিদিন প্রসূতি ও প্রসবোত্তর ওয়ার্ডের আড়াই শ রোগীর দেখাশোনা করেন। কয়েকজন রোগী অভিযোগ করেছেন, পর্যাপ্তসংখ্যক সেবিকা না থাকায় তাঁরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। এ বিষয়ে চমেক হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের প্রধান শাহানারা চৌধুরী বলেন, পুরো হাসপাতালেই জনবলের সংকট প্রকট। একজন সেবিকার পক্ষে সর্বোচ্চ চেষ্টা করেও এর চেয়ে বেশি সেবা দেওয়া সম্ভব হয় না।
প্রসূতি বিভাগের অস্ত্রোপচারকক্ষের অবস্থাও করুণ। একজন চিকিৎসক বলেন, অস্ত্রোপচারকক্ষ অপরিচ্ছন্ন। কক্ষের দেয়ালে নোনা ধরা। এ পরিবেশে কাজ করতে তাঁদের সমস্যা হয়। এ প্রসঙ্গে শাহানারা চৌধুরী বলেন, বেসরকারি উদ্যোগে ছোট পরিসরের একটি অস্ত্রোপচারকক্ষ তৈরি হয়েছে সম্প্রতি। এটি চালু হলে পুরোনো অস্ত্রোপচারকক্ষটির সংস্কারকাজ শুরু হবে। তিনি বলেন, প্রসূতি ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যের জন্য ওয়ার্ডের সংখ্যা বাড়ানো খুব জরুরি।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২-এর মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-২ করার পরিকল্পনা করছে সরকার। চলতি অর্থবছরেই এ প্রক্রিয়া শুরু হওয়ার কথা। তিনি আরও বলেন, সদ্য নির্মিত আউটডোর কমপ্লেক্স ও কার্ডিয়াক সার্জারি ভবন ওপরের দিকে সম্প্রসারণ করা গেলে কিছু সমস্যার দ্রুত সমাধান সম্ভব হতো।