টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা (ইএমও) মো. সেলিম ভূঁইয়া দুই বছর এক মাস ও প্রসূতি বিশেষজ্ঞ সুলতানা মর্জিনা প্রায় এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত। এতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে শিগগির বিভাগীয় মামলা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডিআই রেজাউল করিম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইএমও পদে ২০১১ সালের ১৮ অক্টোবর যোগ দেন সেলিম ভূঁইয়া। ২০১৩ সালের ১৯ জুলাই তিনি কাউকে কিছু না জানিয়ে সাত দিনের ছুটির আবেদন দিয়ে আর ফেরেননি। টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ২৪টি প্রতিবেদনে ওই চিকিৎসকের অনুপস্থিতির বিষয় জানানো হয়।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র ও সেলিম ভূঁইয়ার বন্ধুদের দাবি—চিকিৎসক সেলিম বর্তমানে নেপালের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করছেন। তাঁর দেশে ফেরার সম্ভাবনা নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে আরও জানা গেছে, সুলতানা মর্জিনা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতিসেবা বিভাগে ২০১৪ সালের ৫ জুন জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) পদে যোগ দেন। তিনি তিন মাস চাকরি করে ওই বছরের ১১ সেপ্টেম্বর দুই সপ্তাহের ছুটি নিয়ে কানাডায় গিয়ে আর ফেরেননি। ১১ মাস ১০ দিন ধরে ওই চিকিৎসকের দায়িত্ব পালন করছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল করিম। এই স্বাস্থ্য কমপ্লেক্সে গত সাত মাসে শুধু প্রসূতিসেবা নিতেই ১ হাজার ৫৪৬ জন মা এসেছেন। তাঁদের মধ্যে ২০০ জন অস্ত্রোপচারের মাধ্যমে ও ৩৯৭ জন স্বাভাবিকভাবে সন্তান প্রসব করেন। চিকিৎসক সুলতানা মর্জিনা অনুপস্থিত থাকায় সংকটে পড়ে আরও অনেক প্রসূতি রোগী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে সন্তান প্রসব করেন।
সখীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন বলেন, হাসপাতালে প্রসূতি বিভাগে মহিলা চিকিৎসক না থাকায় তাঁর স্ত্রী স্থানীয় ক্লিনিকে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে মা হয়েছেন।
এ ব্যাপারে কথা বলতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যালয় থেকে ওই দুই চিকিৎসকের মুঠোফোন নম্বর সংগ্রহ করে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।
সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল করিম বলেন, তিনি সুলতানা মর্জিনার দায়িত্ব পালন করছেন। যেদিন আমি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ঢাকা, টাঙ্গাইল ও সখীপুরের জরুরি সভায় যোগ দিই সেদিন জরুরি প্রসূতিসেবা কার্যক্রম কার্যত বন্ধ থাকে। দুজন চিকিৎসকের অনুপস্থিতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে বলে তিনি মন্ত্রণালয় সূত্রে জেনেছেন।