প্রসূতি মৃত্যুর পর প্রতীক ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
কুষ্টিয়ার কুমারখালীতে প্রসূতি মৃত্যুর পর ‘প্রতীক আধুনিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি এর মালিক নাসির উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সায়েদ মো. মনজুর আলমের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুমারখালী উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আকুল উদ্দিন।প্রতীক আধুনিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারটির অনুমোদন না থাকায় এবং কোনো নিয়মনীতি মেনে না চলার কারণে এর অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ভর্তি হওয়া রোগীদের রিলিজ করে সম্পূর্ণ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালত।এর আগে সোমবার রাতে প্রাইভেট হাসপাতালটিতে স্বপ্না (২০) নামের অন্তঃসত্ত্বা এক রোগীর অপারেশনের পর মৃত্যু হয়। তিনি পুরাতন চড়াইকোল গ্রামের কামাল হোসেনের স্ত্রী।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আধুনিক প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক নাসির উদ্দিন ভুয়া চিকিৎসক দিয়ে অপারেশন করিয়ে আসছিলেন।ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে রোগীর মৃত্যুর ঘটনায় জরিমানা মাত্র পাঁচ হাজার টাকা কেন—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হচ্ছে। মৃত রোগীর বাবা অথবা স্বামী হত্যার মামলা করতে পারেন।