প্রসূতি স্কুলশিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিমা বেগম (২২) অন্তঃসত্ত্বা অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে গত রোববার বিকেলে ভর্তি হন। স্বাভাবিক প্রসবের মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো মা হন। নবজাতককে একনজর দেখেই রাত নয়টার দিকে নাসিমা অচেতন হয়ে পড়েন। মধ্যরাতে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়। এরপর অতিরিক্ত রক্তক্ষরণে নাসিমার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা ঘোষণা করেন। নাসিমার অকালমৃত্যুর জন্য তাঁর স্বজনেরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের দায়ী করেছেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বরাবর অভিযোগ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে একজন জ্যেষ্ঠ চিকিৎসকের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বিষয়টির তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবার জানায়, সিলেট শহরতলির মোগলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নাসিমা বেগম রোববার রাত আটটার দিকে প্রসবব্যথা অনুভব করেন। স্বাভাবিক প্রসবের মধ্য দিয়ে কন্যাসন্তানের মা হন তিনি। নাসিমার ভাশুর জালালউদ্দিন বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকদের একটি দল নাসিমাকে রোববার রাত প্রায় ১২টার দিকে অস্ত্রোপচার কক্ষের পাশে লেবার কক্ষে নিয়ে যায়। তাঁরা নাসিমার রক্তের গ্রুপ জেনে প্রথমে এক ব্যাগ রক্ত দেওয়ার কথা বলেন। এরপর রাত সাড়ে ১২টার দিকে আরও চার ব্যাগ রক্ত দেওয়া হয়। রোগীর রক্তের গ্রুপ ছিল ও পজিটিভ। পাঁচ ব্যাগ রক্তের মধ্যে প্রথমে ভুল করে অন্য গ্রুপের এক ব্যাগ রক্ত দেওয়ায় রোগীর অবস্থার অবনতি ও একপর্যায়ে মৃত্যু হয়। নাসিমার চিকিৎসাকালে দায়িত্বশীল কোনো চিকিৎসক ছিলেন না। ওই রাতে ইউরো ফুটবলের ফাইনাল খেলা চলছিল। তাই খেলা দেখতে উদগ্রীব শিক্ষানবিশ চিকিৎসকেরা তড়িঘড়ি চিকিৎসা করতে গিয়ে ভুল করে ফেলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিষয়টি লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।’