প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ চার বছর ধরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অভাবে প্রসূতির অস্ত্রোপচার (সিজার অপারেশন) চার বছর ধরে বন্ধ রয়েছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতিসহ কোটি টাকার মালামাল পড়ে থেকে নষ্ট হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি মাসে আট থেকে দশজন প্রসূতি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এঁদের মধ্যে দুয়েকজনের স্বাভাবিক সন্তান প্রসব হলেও বাকিদের অস্ত্রোপচার করা প্রয়োজন হয়। কিন্তু চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে প্রসব ব্যথাসহ রোগীদের খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে পাঠাতে হচ্ছে। বাঘাইছড়ি-খাগড়াছড়ি দূরত্ব ৫৫ কিলোমিটার, আর বাঘাইছড়ি-রাঙামাটি দূরত্ব ১৪২ কিলোমিটার। অনেক সময় এই দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে অনেকের রাস্তায় মৃত অথবা জীবিত সন্তান প্রসব হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাঙামাটি জেনারেল হাসপাতাল ছাড়া নয়টি উপজেলার কোথাও প্রসূতিসেবা কার্যক্রম চালু ছিল না। ২০০২ সালে উপজেলার প্রসূতিসেবার কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সময়ে ২০০৩ সালের ৮ জানুয়ারি প্রসূতিসেবার যন্ত্রপাতি সরবরাহ করা হয়। প্রায় তিন বছর বাক্সবন্দী থাকার পর ২০০৬ সালের ৮ জুলাই জরুরি প্রসূতিসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সে সময় রাঙামাটির সিভিল সার্জন ডা. মো. নাজের আহমেঞ্চদ উদ্বোধন করেন। উদ্বোধনের পর দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসক (আরএমও) অরবিন্দ চাকমা মাত্র দুজন প্রসূতির অস্ত্রোপচার করেন। পরবর্তীকালে ২০০৮ সালে আরএমও অরবিন্দ চাকমা খাগড়াছড়ি সদর হাসপাতালে বদলি হয়ে যান। তার পর থেকে আর কোনো চিকিৎসক আসেননি বলে জানা গেছে। মারিশ্যা ইউনিয়নের ভুয়াছড়ি গ্রামের শান্তি বিজয় চাকমা বলেন, এখানে রোগীদের অস্ত্রোপচার করা যাচ্ছে না। দূরে গিয়ে অস্ত্রোপচার করার সামর্থ্যও তাঁদের নেই। তাই ঝুঁকি নিয়ে ওঝা দিয়েই জোর করে সন্তান প্রসব করানো হচ্ছে।মেডিকলে কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে না, রাঙামাটি জেনারেল হাসপাতালেও প্রসূতিসেবা কার্যক্রমে সমস্যা দেখা দেয়। বিদ্যুতের অভাবে দীর্ঘ ছয় বছর ধরে এক্স-রে মেশিনটি পড়ে আছে।’ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘চিকিৎসক না থাকায় দীর্ঘ ধরে প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ রয়েছে। চালু না থাকায় যন্ত্রপাতিগুলো নষ্ট হওয়ার উপক্রম। চিকিৎসকের জন্য একাধিকবার লেখালেখি করেছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না।’