প্রসূতির মৃত্যু চিকিৎসকের বিরুদ্ধে জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের এক চিকিৎসকের অবহেলায় মুন্নি বেগম (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ভোরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই চিকিৎসকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মুন্নির স্বামী শাকিল শাহ।

শাকিল সাংবাদিকদের বলেন, ‘গত মঙ্গলবার আমার স্ত্রীর প্রসববেদনা উঠলে তাকে শহরের চাষাঢ়ায় অবস্থিত মুক্তি জেনারেল হাসপাতালে ভর্তি করাই। ওই দিন রাতেই চিকিৎসক কামরুন নাহার আমার স্ত্রীর অস্ত্রোপচার করেন এবং একটি কন্যাসন্তানের জন্ম হয়। চিকিৎসক কামরুন নাহার একপর্যায়ে আমাদের বলেন, ‘‘রোগীর রক্তক্ষরণ হচ্ছে। পাঁচ ব্যাগ রক্ত লাগবে।’’ আমি সঙ্গে সঙ্গে রক্ত জোগাড় করি। পরে কামরুন নাহার বলেন, ‘‘রোগীর অবস্থা ভালো নয়। তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।’’ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্ত্রীকে মৃত ঘোষণা করেন।’

এই ব্যাপারে বক্তব্য জানতে চিকিৎসক কামরুন নাহারের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।