প্রসূতির মৃত্যুতে সহকর্মী শিক্ষকদের মানববন্ধন
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে এক স্কুলশিক্ষিকা প্রসূতির অকালমৃত্যুর ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মানববন্ধন করেছে নিহত শিক্ষিকার সহকর্মী শিক্ষকসহ বিভিন্ন সামাজিক সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক শ শিক্ষক একাত্ম হয়ে ওই শিক্ষিকার মৃত্যুর জন্য চিকিৎসকের অবহেলাকে দায়ী করেন। এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনও কর্মসূচিতে অংশ নেয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট মহানগর ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধনের মাধ্যমে ‘আর কোনো নবজাতক যেন মায়ের কোলহারা না হয়’—এই দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট মহানগরের সভাপতি আছাবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষকনেতা আবুল হোসেন, বিপ্লব পুরকায়স্থ, গণেশ পাল, অচিন্ত ভট্টাচার্য, শাহজাদী খানম, মমতাজ বেগম মজুমদার, শিমুল আক্তার, শিল্পী কর, নৃপেশ রায়, অশোক ভট্টাচার্য, নাদিরা বেগম, রেখা রানী দাশ, ননীগোপাল দাস প্রমুখ। উল্লেখ্য, সিলেটের মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসিমা আক্তারকে ২ জুলাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। ওই রাতে তিনি একটি কন্যাসন্তান প্রসব করেন। রাত ১২টার দিকে তাঁর রক্তক্ষরণ শুরু হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে যান। নাসিমার পরিবারের দাবি, চিকিৎসকেরা ভুল করে অন্য গ্রুপের রক্ত দেওয়ায় ওই রাতেই নাসিমা মারা যান। এ ব্যাপারে পরদিন ৩ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ঘটনার দুই সপ্তাহ পরও হাসপাতাল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক এহতেশামুল হক চৌধুরী বলেন, নাসিমার পরিবারের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।