প্রসূতির মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে অস্ত্রোপচারের পর সালমা বেগম নামের একজন প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন গতকাল বৃহস্পতিবার উপশম জেনারেল হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।রোগীর স্বজনেরা জানান, রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের গৃহবধূ সালমার প্রসব বেদনা শুরু হলে মঙ্গলবার রাতে স্থানীয় সরকারি হাসপাতালের পরিদর্শক পারুল বেগমকে খবর দেওয়া হয়। তিনি এসে সালমাকে তাঁর ব্যক্তিগত ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে সালমাকে শহরের উপশম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাতটার দিকে পরিদর্শক পারুল বেগম, আলেয়া বেগম ও চিকিৎসক মোজাম্মেল হোসেন সালমার অস্ত্রোপচার করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এক ঘণ্টার পরও রক্তক্ষরণ বন্ধ না হলে রাত ১১টার দিকে আবারও অস্ত্রোপচার করা হয়। এতে অবস্থার আরও অবনতি হলে গতকাল বৃহস্পতিবার সকালে সালমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সালমার বাবা জাফর সাদেক বলেন, অ্যাম্বুলেন্সে ঢাকা নেওয়ার পথে সালমার মৃত্যু হয়। লাশ নিয়ে উপশম হাসপাতালে পৌঁছামাত্র বিক্ষুব্ধ জনতা হাসপাতালটির কাচ ও আসবাব ভাঙচুর শুরু করে। হাসপাতালে ভাঙচুরের বিষয় নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি রেজাউল করিম ভূঁইয়া।