প্রসূতির মৃত্যুর পর বিক্ষোভ-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দুই দফা অস্ত্রোপচারের পর এক প্রসূতির মৃত্যু হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ এনে মৃতের স্বজন ও স্থানীয় লোকজন গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ করেন এবং হাসপাতালের কাউন্টারের কয়েকটি কাচ ভাঙচুর করেন।
মৃত সালেহা বেগম লিজা (২৩) সাভার পৌর এলাকার ভাগলপুরের জহিরুল ইসলামের স্ত্রী। নবজাতক সুস্থ রয়েছে।
সালেহার পরিবারের সদস্যরা জানান, বছর দুয়েক আগে জহিরুল ও সালেহার বিয়ে হয়। প্রসব বেদনা উঠলে গত বুধবার সকাল আটটার দিকে সালেহাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে চিকিৎসক কামরুন্নেছা তাঁর অস্ত্রোপচার করেন। সালেহার একটি ছেলে হয়। এরপর নবজাতকসহ সালেহাকে প্রসূতি ওয়ার্ডে রাখা হয়। বেলা দেড়টার দিকে তাঁর শরীরে তাপ বেড়ে যায় এবং রক্তক্ষরণ হতে থাকে। অবস্থার অবনতি ঘটলে রাত পৌনে ১১টায় আবার সালেহার অস্ত্রোপচার করেন কামরুন্নেছা। এরপর সালেহাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে গতকাল বিকেল পাঁচটার দিকে সালেহাকে মৃত ঘোষণা করা হয়।
জহিরুল ইসলাম অভিযোগ করেন, ‘ভুল চিকিৎসা দিয়ে আমার স্ত্রীকে হত্যা করা হয়েছে।’
সালেহাকে মৃত ঘোষণার পর থেকে অস্ত্রোপচারকারী চিকিৎসক কামরুন্নেছাকে হাসপাতালে পাওয়া যায়নি। হাসপাতালের আইসিইউর দায়িত্বে থাকা চিকিৎসক মো. রেজাউল হক বলেন, ‘একজন প্রসূতির যেভাবে অস্ত্রোপচার করা হয়, সেভাবেই অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু আমরা অনেক চেষ্টা করেও রক্তক্ষরণ বন্ধ করতে পারিনি। এ কারণেই সালেহা মারা যান।’