প্রসূতিসেবা কার্যক্রম বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদের (অ্যানেসথেটিস্ট) অভাবে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি প্রসূতিসেবা কার্যক্রম (ইওসি) প্রায়
নয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে প্রসূতিরা ভোগান্তির শিকার হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, একটি বিদেশি দাতা সংস্থার মাধ্যমে ২০০৩ সালে ৪ আগস্ট এখানে ইওসি চালু করা হয়। সংস্থাটি এই স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসককে প্রশিক্ষণ দিয়ে ২০০৮ সাল পর্যন্ত ইওসি চালু রাখে। পরে এই কার্যক্রমটি স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত হয়। প্রতি মাসে পাঁচ থেকে আটজন প্রসূতির এখানে অস্ত্রোপচার করা হতো। ২০১৪ সালের নভেম্বরে অবেদনবিদ মো. আবদুল মোতালেব অবসরকালীন ছুটিতে যান। এরপর একই বছরের ৩১ ডিসেম্বর শল্য চিকিৎসক মো. তাজুল ইসলাম খানও অন্যত্র বদলি হন। এরপর থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন কর্মচারী বলেন, ইওসি যদি একজন অবেদনবিদের অভাবে বন্ধ থাকে, তাহলে দেশের স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী দায়িত্ব পালন করছে? অবস্থাসম্পন্ন লোকজন বেসরকারি হাসপাতালে গিয়ে এই সেবা নিতে পারবেন। কিন্তু দরিদ্র লোকজনের কী দশা হবে?
নান্দাইলে ব্র্যাকের (স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কার্যক্রম) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ জানান, ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা স্বাভাবিক প্রসবের জন্য প্রসূতিদের স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি বিভাগে নিয়ে যান। কিন্তু অস্ত্রোপচারের প্রয়োজন হলে দরিদ্র প্রসূতিদের জেলা সদরে পাঠাতে হয়। এ ক্ষেত্রে কাছাকাছি হওয়ায় প্রসূতিদের পছন্দ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতাল। কিন্তু এটি ময়মনসিংহের বাইরে হওয়ায় দরিদ্র প্রসূতিদের আর্থিক বা ওষুধ দিয়ে সহায়তা করা তাঁদের পক্ষে সম্ভব হয় না।
চলতি বছরের ২৩ মার্চ প্রথম আলোয় ‘জরুরি প্রসূতিসেবা বন্ধ তিন মাস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম গত মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে জানান, সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিটি মাসিক সভায় তিনি অবেদনবিদ না থাকার বিষয়টি তুলে ধরেন। এসব সভার কার্যপত্র মন্ত্রণালয়ে তো যাচ্ছে। অবেদনবিদ নিয়োগ দেওয়ার সঙ্গে সঙ্গে ইওসি চালু করার সক্ষমতা তাঁদের রয়েছে। কারণ এখানে একজন শল্য বিশেষজ্ঞ আছেন।
উপজেলা স্বাস্থ্যসেবা কমিটির সভাপতি সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, ‘অবেদনবিদ নিয়োগের জন্য তিনি স্বাস্থ্য অধিদপ্তরে ডিও লেটার পাঠিয়েছেন। আশা করি, চলতি মাসে বিষয়টির সুরাহা হবে।’