২০১০ সালে দুর্গম অঞ্চলের নারীদের প্রসূতিসেবার জন্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনি চিকিৎসক না থাকায় এক বছর ধরে কক্ষটি ভান্ডারকক্ষ হিসেবে ব্যবহূত হচ্ছে। কক্ষটিতে রাখা হয়েছে আসবাবসহ নানা সরঞ্জাম। দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিসেবা চালু হলে দীঘিনালাসহ রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসীও সুবিধা পেত। এখন এই তিন উপজেলাবাসীকে প্রসূতিসেবা পেতে হলে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে যেতে হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র পরামর্শক (গাইনি) চিকিৎসকের পদ থাকলেও অনেক বছর ধরে পদটি শূন্য রয়েছে। ২০১০ সালের নভেম্বর মাসে হল্যান্ডের চিকিৎসক দল (এমএসএফ) প্রসূতিসেবা চালু করার জন্য সকল সরঞ্জাম দিয়ে একটি কক্ষ প্রস্তুত করে দিলেও চিকিৎসক না থাকায় তা চালু করা সম্ভব হয়নি।স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা পলাশ নাগ জানান, সন্তানসম্ভবা নারীর জন্য গাইনি অথবা প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ জরুরি। সন্তানসম্ভবা নারীদের প্রায় সময় পা ফুলে যায়, প্রস্রাব সাদা হয়, মাথা চক্কর দেয়, মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, খিঁচুনি হওয়া এবং ঘাড়ে ব্যথা হয়। এ সময় চিকিৎসকের পরামর্শ জরুরি হয়ে পড়ে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ইওসি (ইমার্জেন্সি অবসটেট্রিক কেয়ার) থাকলে প্রসূতিদের সকল সেবা নিশ্চিত হতো। তবে সে ক্ষেত্রে অবশ্যই একজন গাইনি চিকিৎসক প্রয়োজন।খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা গত ৮ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে প্রথম আলোকে বলেন, শুধু দীঘিনালা নয়, রাঙামাটি জেলার পার্শ্ববর্তী অন্য দুই উপজেলাবাসীর প্রসূতিসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনডিপির সহযোগিতায় একটি পূর্ণাঙ্গ ইওসি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।