প্রসূতিসেবায় সাফল্যের প্রসার চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জরুরি প্রসূতিসেবা ও নবজাতকের যত্নবিষয়ক এশীয় আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে বিশেষজ্ঞরা বলেছেন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী অগ্রগতি হয়েছে। তবে সেবার মান বাড়ানো ও সফল উদাহরণগুলোর প্রসারের আরও সুযোগ আছে।রাজধানীর একটি হোটেলে আয়োজিত চার দিনব্যাপী এই সম্মেলন গতকাল রোববার শেষ হয়েছে। সম্মেলনের নীতিনির্ধারণী অধিবেশনে আলোচকেরা বলেছেন, মাতৃস্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা সেবার মান। অন্যদিকে নবজাতকের মৃত্যুর হার কমানোও বড় চ্যালেঞ্জ।নবজাতকের জটিলতাবিষয়ক অধিবেশনের সঞ্চালক ইউএসএআইডির কর্মকর্তা লিলি ক্যাক বলেন, জন্মের পরের শ্বাস জটিলতা, সংক্রমণ এবং ঠিক সময়ের আগে জন্মগ্রহণ—এগুলো নবজাতক মৃত্যুর প্রধান তিনটি কারণ।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. সহিদুল্লা নবজাতকের শ্বাস জটিলতা নিয়ে বাংলাদেশের একটি প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। ‘হেলপিং বেবিজ ব্রেথ’ নামের ওই প্রকল্পে সহজ প্রযুক্তি ব্যবহার করে নবজাতককে শ্বাস নিতে সহায়তা করা হয়। ম্যাটারনাল হেলথ ফাউন্ডেশনের অ্যান ল্যাঙ্গার বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতি, উন্নত অবকাঠামো, মানসম্পন্ন সেবা, কার্যকর রেফারেল পদ্ধতি এবং কর্মসূচিতে স্থানীয় মানুষের সম্পৃক্ততা থাকলে মাতৃমৃত্যু আরও কমানো সম্ভব। উইমেন ডেলিভারের কর্মকর্তা রাজ করীম ২০১৫ সালের পরের পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতির তাগিদ দেন। সম্মেলনে ১৮টি দেশের সাড়ে তিন শর বেশি চিকিৎসক, গবেষক, বিজ্ঞানী ও জরুরি প্রসূতিসেবা বিশেষজ্ঞ অংশ নেন।