ছয়বার সংশোধন ও প্রায় দেড় দশক অপেক্ষার পরও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনটি যথাযথ না হওয়ায় মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করার পাশাপাশি আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে এটি আবার মন্ত্রিসভায় উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
এর আগেও আইনটি সংশোধনের জন্য মন্ত্রিসভা থেকে ফেরত পাঠানো হয়েছিল। কিন্তু সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে যেভাবে বিষয়টি চাওয়া হচ্ছে, সেভাবে উপস্থাপন না হওয়ায় গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ক্ষুব্ধ হন মন্ত্রীরা।
মন্ত্রিসভার অন্তত চারজন সদস্যের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তাঁরা বলেছেন, ভবিষ্যতে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কা দূরে রেখেই আইনটি সংশোধন করতে চাচ্ছে সরকার। কিন্তু অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যে খসড়া গতকাল মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়, তাতে নতুন করে সংকট সৃষ্টি হতে পারে বলে মনে করেন প্রধানমন্ত্রীসহ উপস্থিত মন্ত্রীরা।
বৈঠক সূত্র জানায়, অর্পিত সম্পত্তি নিয়ে আলোচনায় মন্ত্রীরা একটি বিষয়ে তীব্র আপত্তি জানান। বিষয়টি হলো খসড়া সংশোধনীতে স্বত্ব নির্ধারণের প্রসঙ্গে বলা হয়েছে, অর্পিত সম্পত্তি কেউ দাবি করলে স্বত্ব নির্ধারণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্বত্ববান ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে রেকর্ড সংশোধন করতে পারবে।
আলোচনায় অংশ নিয়ে মন্ত্রীরা বলেন, ‘খ’ তফসিল বাতিল হওয়ার পর ‘স্বত্ব নির্ধারণপূর্বক’ কথাটি যুক্ত করায় প্রকৃত সমস্যার সমাধান হবে না।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, আইনটির সুষ্ঠু বাস্তবায়নের বিষয়টি আমলাতন্ত্রের নিচের দিকের কর্মকর্তারা মেনে নিতে পারছেন না। মন্ত্রণালয় ও মন্ত্রীদের কেউ কেউ এটা চান না। এ জন্য বারবার প্রধানমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপ করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, আইনের সংশোধনী নিয়ে তাঁদের সঙ্গে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তিন দফা বৈঠক হয়েছিল। তখন তাঁরা দুটি বিষয় মেনে নেননি। একটি হচ্ছে স্বত্ব নির্ধারণের প্রসঙ্গ, অপরটি অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকায় নতুন করে আরও ছয় হাজার একর জমি অন্তর্ভুক্ত করার প্রস্তাব।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী প্রথম আলোকে জানান, অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকায় নতুন করে জমি অন্তর্ভুক্ত করার প্রস্তাব নাকচ করেছেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এ প্রস্তাব পাঠায়।
ঐক্য পরিষদের নেতারা জানান, ২০১৩ সালে ‘খ’ তফসিল বাতিল হওয়ার পর পরিস্থিতিটা দাঁড়ায় ওই সম্পত্তি কোনো সময় অর্পিত সম্পত্তি ছিল না। অর্থাৎ যখন থেকে খাজনা আদায় ও নামজারি বন্ধ ছিল তখনকার অবস্থায় ফিরে যাওয়া। ওই সময় থেকেই শুরু করতে হবে।
তাঁদের মতে, ‘খ’ তফসিল বাতিল হলেও আবার স্বত্ব নির্ধারণের প্রশ্ন আসায় ওই তফসিলের চেতনা পরোক্ষভাবে ফিরে আসবে। অর্পিত সম্পত্তির বিরুদ্ধে কেউ একটি আবেদন করলেই শুরু হয়ে যাবে হয়রানি, ভোগান্তি ও অর্থ খরচের বিষয়টি।
জানতে চাইলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছার কারণে বিষয়টি এখনকার পর্যায়ে এসেছে। হিন্দু সম্প্রদায়কে দুরবস্থা থেকে রক্ষায় ২০০১ সালে যে চেষ্টা প্রধানমন্ত্রী শুরু করেছিলেন তা এত দিনে সফল না হওয়াটা দুঃখজনক, কিন্তু বলা যায় সহসাই এর শেষ হবে।
মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা যায়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য ট্রাইব্যুনালে আবেদন করার সময়সীমা বাড়ানো, বিভাগীয় শহরে আপিল ট্রাইব্যুনাল স্থাপন, আপিল করার জন্য নতুন করে সময় দেওয়াসহ আরও কিছু বিষয়ে আইন সংশোধনের প্রস্তাবে কারও ভিন্নমত নেই।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, ছয়বার এই আইনটি সংশোধন করা হয়। গত নভেম্বর মাসে আরও এক দফা সংশোধনীর প্রস্তাব পাঠানো হলে মন্ত্রিসভা বিরক্ত হয়ে সংশোধন না করেই ভূমি মন্ত্রণালয়ে ফেরত পাঠায়। বারবার সংশোধন না করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রস্তাবিত আইনের খসড়া পুনর্গঠন করে পুনরায় মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
>যথাযথভাবে উপস্থাপন না করায় প্রধানমন্ত্রী বিরক্ত, মন্ত্রীরা ক্ষুব্ধ
সূত্রমতে, সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেলের সঙ্গে বৈঠক করে আইন সংশোধনীর খসড়া তৈরি করে ভূমি মন্ত্রণালয়।
গতকাল আইনটি নিয়ে আলোচনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ও ভূমিসচিব মোহাম্মদ শফিউল আলম অংশ নেননি। একপর্যায়ে ভূমিসচিব বলেন, মাঠপর্যায়ে সহকারী সচিব (ভূমি) ও তহশিলদার এ বিষয়ে আইনি সুরক্ষা চান। এ সময় কয়েকজন মন্ত্রী বলেন, তাঁদের সুরক্ষা দেওয়ার জন্য এই আইন হচ্ছে না। মন্ত্রীদের মধ্যে আলোচনায় অংশ নেন আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মোস্তাফিজুর রহমান, মোজাম্মেল হক, বীরেন শিকদার প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, আইনটি নিয়ে বারবার যা হচ্ছে, তাতে সবাই বিরক্ত। তা ছাড়া ‘খ’ তফসিল বাতিল হলেও স্বত্ব নির্ধারণের প্রসঙ্গ খসড়ায় অন্তর্ভুক্ত করায় নতুন করে ঝামেলা তৈরি হতে পারে বলে অধিকাংশ সদস্য মনে করছেন।
সরকারের নিয়ন্ত্রণে থাকা অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের সর্বশেষ সময় ছিল ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি। দফায় দফায় সময় বাড়িয়ে এ চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। এ সময়ের মধ্যে ১ লাখ ৯৭ হাজার একর জমির গেজেট প্রকাশ করে বলা হয়েছিল, অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলের এটাই চূড়ান্ত তালিকা। কিন্তু এরপরও বিভিন্ন জেলা থেকে সরকারের দখলে থাকা অর্পিত সম্পত্তির নতুন নতুন হিসাব পাঠান জেলা প্রশাসকেরা, যেগুলো অর্পিত সম্পত্তি হওয়া সত্ত্বেও তালিকাভুক্ত বা গেজেটে অন্তর্ভুক্ত হয়নি।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর ‘ডিফেন্স অব পাকিস্তান রুলস, ১৯৬৫’ অনুসারে ওই বছরের ৯ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক পাকিস্তান ছেড়ে ভারত চলে যায়, তাদের রেখে যাওয়া সম্পত্তি ‘শত্রু সম্পত্তি’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। স্বাধীন বাংলাদেশে এ সম্পত্তির নাম রাখা হয় অর্পিত সম্পত্তি। সেসব সম্পত্তি বৈধ উত্তরাধিকারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করা হয় ২০০১ সালে। সেই আইনটি দফায় দফায় সংশোধন করা হচ্ছে।
প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা থেকে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি বাদ দিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল-২০১৩ সংসদে পাস হয়। এতে বলা হয়েছে, ‘খ’ তফসিলটি এমনভাবে বাতিল হবে, যেন ওই তফসিলভুক্ত সম্পত্তি কখনোই অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়নি।
এর আগে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য সরকার ২০১১ সালে আইন সংশোধন করে। এ জন্য জেলা পর্যায়ে ট্রাইব্যুনাল ও জেলা কমিটি গঠন করা হয়। কমিটি ও ট্রাইব্যুনালে দুই তফসিলে প্রায় নয় লাখ আবেদন জমা পড়ে, যা নিষ্পত্তি হতে ছয় দশক সময় লাগবে বলে মত দেয় হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ‘স্বত্ব নির্ধারণপূর্বক’ শব্দ দুটি জুড়ে দিয়ে এর মাধ্যমে সংখ্যালঘুদের আবার হয়রানি ও বিড়ম্বনার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা লক্ষ্য করছেন তাঁরা। এর মাধ্যমে ‘ঘুষ-বাণিজ্য’ বেড়ে যাবে বলে মনে করেন তিনি।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ওই নেতা বলেন, প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা এই ফাঁকির বিষয়টি বুঝতে পারায় পরিষদ তাঁদের প্রতি কৃতজ্ঞ এবং সহজ সমাধানের বিষয়ে আশাবাদী।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল ব্রিফিংয়ে জানান, অর্পিত সম্পত্তির বিষয়টি জটিল এবং দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু। সরকার বিষয়টির সম্মানজনক সমাধান চায়।