প্রস্তাবিত ‘সর্বদলীয় সরকারে’ যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মহাজোটের অন্যতম শরিক দল এইচ এম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। দলের বেশির ভাগ নেতা ‘সর্বদলীয় সরকারে’ না যাওয়ার পক্ষে।
জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল বুধবার সাংবাদিকদের বলেছেন, তাঁর কাছে সর্বদলীয় সরকারে যোগদানের প্রস্তাব এসেছে। তবে সে প্রস্তাব এখনো বিবেচনা করেননি তিনি।
গতকাল জাপার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার যৌথ সভায়ও ‘সর্বদলীয় সরকারে’ যাওয়া না-যাওয়ার বিষয়ে আলোচনা হয়। বেলা ১১টায় রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সভা শেষে দুপুরে নেতা-কর্মীরা এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসার নিচে একত্র হন। খবর পেয়ে এরশাদ নেমে এসে নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন।
‘সর্বদলীয় সরকারে’ যাওয়ার প্রস্তাব আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমি তো এখনো মহাজোটে আছি। আমার কাছে অফার তো আসবেই। তবে সে অফার এখনো বিবেচনা করিনি।’
এরশাদ বলেন, ‘আমাদের কথা একটাই—সব দল না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাই নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর সব দল নির্বাচনে আসলে মনোনয়নপত্র জমা দেব। সব দল না এলে নির্বাচনে যাব না।’
জাপার মহানগর কমিটির একাধিক নেতা জানান, তাঁরা দলীয় প্রধানকে এই বলে আশ্বস্ত করেছেন যে, দলের স্বার্থে তিনি যে সিদ্ধান্ত নেবেন, তা নেতা-কর্মীরা মেনে নেবেন। তবে দু-চারজনের কথায় তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে দলের সভাপতিমণ্ডলী, কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানানো হয়।
জানতে চাইলে এরশাদের মুখপাত্র ও জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমরা চেয়ারম্যানকে বলেছি, আপনি যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেব। তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে দল লাভবান হতে পারে, আবার ক্ষতিগ্রস্তও হতে পারে। আমাদের বিশ্বাস, তিনি সবদিক দেখেই সিদ্ধান্ত নেবেন।’
জাপার সূত্রগুলো জানায়, ‘সর্বদলীয় সরকারে’ অংশ নিতে এরশাদের ওপর তাঁর দেশি-বিদেশি মিত্রদের কাছ থেকে বেশ চাপ আছে। দলের একটি অংশও জাপাকে এ সরকারে যুক্ত করতে তৎপর রয়েছে।
আবার সর্বদলীয় সরকারে না যেতে জাপার বড় আরেকটি অংশের চাপে আছেন এরশাদ। প্রধান বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে সে নির্বাচনেও যাওয়ার পক্ষে নয় এ অংশের নেতা-কর্মী। এমনকি মহাজোট সরকারের মন্ত্রিসভায় থাকা এরশাদের ছোট ভাই বাণিজ্যমন্ত্রী জি এম কাদের অন্যদের সঙ্গে পদত্যাগ করেছেন। এখন যাতে তিনি মন্ত্রণালয়ের কার্যক্রম থেকে নিবৃত্ত থাকেন, সে ব্যাপারেও চাপ আছে।
‘সর্বদলীয় সরকারে’ যেতে চাপ আছে কি না, সাংবাদিকেরা প্রশ্ন করলে এরশাদ সহাস্যে বলেন, ‘চাপ আছে দলের ভেতর থেকে, বাইরে থেকে না।’
বি. চৌধুরীর বাসায় এরশাদ: গতকাল রাত পৌনে আটটার দিকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান এইচ এম এরশাদ। এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তমও ছিলেন। রাত সাড়ে নয়টা পর্যন্ত তাঁরা সেখানে ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এরশাদের জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিকল্পধারা, জেএসডি ও কৃষক শ্রমিক জনতা লীগ একটি বিকল্প রাজনৈতিক জোট গঠনের চেষ্টা করছে। গতকালের বৈঠক সে প্রক্রিয়ারই অংশ বলে জানা গেছে।
জানতে চাইলে আ স ম আব্দুর রব প্রথম আলোকে বলেন, ‘বি. চৌধুরীর বাসায় আমার দাওয়াত ছিল। এরশাদ সাহেবেরও দাওয়াত ছিল।’ দাওয়াতে বিকল্প রাজনৈতিক জোট গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বিকল্প রাজনৈতিক জোট গঠনের প্রক্রিয়া অব্যাহত আছে। যেকোনো সময়ে আত্মপ্রকাশ ঘটবে।’