প্রস্তাব না দিয়ে সময় চাইল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নিম্নতম মজুরি বর্তমানের চেয়ে কত বাড়ানো হবে, এ বিষয়ে কোনো প্রস্তাব না দিয়ে দুই সপ্তাহ সময় চেয়েছে বিজিএমইএ।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে চতুর্থ সভা হয়েছে। এতে পোশাক কারখানার মালিকদের পক্ষে বোর্ডের সদস্য ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল লিখিত আবেদন দিয়ে সময় চান।

বৈঠক শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান এ কে রায় সাংবাদিকদের বলেন, গত বৈঠকে শ্রমিকদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ মালিকপক্ষের পাল্টা প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু তাঁরা সময় চেয়েছেন।

এ কে রায় বলেন, ‘মালিকপক্ষকে দুই সপ্তাহের সময় দিতে সম্মত হয়েছে বোর্ড। ১৭ সেপ্টেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভায় মালিকপক্ষ একটি পূর্ণাঙ্গ প্রস্তাব দেবে বলে আশা করছি।’

পাল্টা প্রস্তাব দিতে না পারার কারণ হিসেবে আরশাদ জামাল দাবি করেন, ‘মূল কারণ হচ্ছে আমরা এখনো পোশাকশিল্পের ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর মধ্যে সমন্বয় করতে পারিনি। তা ছাড়া বর্তমানে শিল্পের সক্ষমতাও বিবেচনা করতে হবে। এ জন্য একটি জরিপ করা হবে। এক সপ্তাহের মধ্যে ঢাকা-চট্টগ্রামে পৃথক দুটি ইজিএম করে সিদ্ধান্ত চূড়ান্ত করবে বিজিএমইএ।

জানা যায়, গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করা হয়েছে। এর মধ্যে মাসিক মূল মজুরি ধরা হয়েছে পাঁচ হাজার ৯৩৪, বাড়িভাড়া এক হাজার ৭৮০ (মূল মজুরির ৩০ শতাংশ) ও চিকিত্সা ভাতা ৪০০ টাকা। এ ছাড়া যাতায়াত, হাজিরা ও খাদ্য ভাতা নিম্নতম মজুরির অতিরিক্ত হিসেবে প্রদান করতে হবে।

প্রস্তাবে বলা হয়েছে, কোনো শ্রমিক ছয় মাসের বেশি চাকরি করলে বছরে দুটি উত্সবভাতা আর ছয় মাসের নিচে হলে ১৫ দিনের মজুরি হারে দুটি উত্সব ভাতা পাবেন। এ ছাড়া তিন বছরের মধ্যে উচ্চতর গ্রেডে পদোন্নতি নিশ্চিত করতে হবে। আর মূল মজুরির ওপর ১০ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দিতে হবে।