প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ নেই: কামরুল

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নির্বাচনকালীন সরকারের প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। কারণ এটা সংবিধানপরিপন্থী। সংবিধানে যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী আলোচনা হবে।
খালেদা জিয়া আইএসআইয়ের প্রস্তাব অনুযায়ী যুদ্ধংদেহী মনোভাব দেখাচ্ছেন—মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই অনুযায়ী নেতা-কর্মীদের নির্দেশনা দিয়েছি। কিন্তু যদি কেউ হানাহানির পথ বেছে নেয়, আমরা বসে না থেকে তা প্রতিহত করব। কোনো ছাড় দেব না।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ কামাল আহমেদ মজুমদার প্রমুখ।