পাকিস্তান পার্লামেন্টে প্রস্তাব বিষয়ে অ্যাটর্নি জেনারেল
প্রস্তাব পাস করে প্রমাণ করেছে কাদের মোল্লা তাদের দোসর
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির বিষয়ে বিভিন্ন ব্যক্তির মন্তব্যকে অন্যায়, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, কাদের মোল্লার বিরুদ্ধে রায় ও বিচার সম্পর্কে সম্যক ধারণা না থাকা সত্ত্বেও তাঁরা এ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন। কাদের মোল্লার ফাঁসি কার্যকরের বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনার নাভি পিল্লাইয়ের বিবৃতির পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি বলেন, ‘যাঁরা এমন বক্তব্য দিচ্ছেন, তাঁরা আমাদের বিচার বিভাগকে অবমূল্যায়ন করছেন। এ ধরনের বক্তব্য বিচার বিভাগের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল, আমাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের বক্তব্য ও ফাঁসি কার্যকরের ঘটনায় উদ্বেগ জানিয়ে দেশটির পার্লামেন্টে প্রস্তাব পাসের বিষয়টি কীভাবে দেখছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, পাকিস্তানের পার্লামেন্টে যে প্রস্তাব পাস হয়েছে, তা সম্পূর্ণ অন্যায়, অগ্রহণযোগ্য ও আন্তর্জাতিক রীতিনীতির বরখেলাপ। বাংলাদেশের প্রতি ১৯৭১ সালে পাকিস্তানিদের যে বিরূপ ও হিংস্র মনোভাব ছিল, সেই মনোভাব পাল্টায়নি। প্রস্তাব পাস করে তারা প্রমাণ করেছে, কাদের মোল্লা তাদের দোসর। ব্রিফিংয়ের সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, মুরাদ রেজা, মোমতাজ উদ্দিন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।
পাকিস্তানের এ পদক্ষেপের বিষয়ে আন্তর্জাতিক কোনো ফোরামে যাওয়ার সুযোগ আছে কি না বা যাবেন কি না—এমন প্রশ্নে মাহবুবে আলম বলেন, ‘এটা সরকারের বিষয়। একজন নাগরিক ও দেশের প্রধান আইন কর্মকর্তা হিসেবে আমি ওই প্রস্তাবের নিন্দা করছি।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ট্রাইব্যুনালে মামলাটি (কাদের মোল্লার) শুনানির জন্য ৮৫টি কার্যদিবস ধার্য করা হয়। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ কার্যদিবস শুনানি হয়নি। ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিভাগ প্রায় এক মাস শুনানি শেষে রায় দেন। কাজেই আইনি সব প্রক্রিয়া ও সব সুযোগ-সুবিধা এই আসামি (কাদের মোল্লা) পেয়েছেন।